মুম্বই: বক্স অফিসে রেকর্ড আয়ের পাহাড় গড়েছে ‘রামায়ণ’। রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকমহলে সাড়া ফেলেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির সাফল্য যে বড়সড় চমক হতে চলেছে, তা আগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু আয়ের পরিসংখ্যান সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর মতো জনপ্রিয় ছবিকে পিছনে ফেলে আয়ের নজিরকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়েছে ‘রামায়ণ’। সেই সাফল্যের উদযাপনের মাঝেই দর্শকদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হল নির্মাতারা।
‘রামায়ণ’ দেখতে এবার বেশি খরচ হবে না। মাত্র ৯৯ টাকা থেকেই মিলছে ছবির টিকিট! মঙ্গলবারের জন্য এই অফারটি রেখেছেন নির্মাতারা। ছবির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ ‘ওয়ার্ল্ড অফ রামায়ণ’-এ নতুন পোস্টার প্রকাশ করে এই বিশেষ ছাড়ের কথা জানানো হয়েছে। পোস্টারে দর্শকদের উদ্দেশে লেখা হয়েছে, মঙ্গলবার বড় পর্দায় ‘রামায়ণ’ উপভোগ করার সুযোগ রয়েছে মাত্র ৯৯ টাকা থেকে। একইসঙ্গে সকলকে গুরুপূর্ণিমার শুভেচ্ছাও জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। নির্মাতাদের আশা, বড় পর্দায় এমন একটি ছবি কম খরচে দেখার সুযোগ পেলে হলমুখী হবেন আরও বেশি সংখ্যক দর্শক। তবে বিশেষ অফারটি মঙ্গলবারের জন্যই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: বিগ বাজেট ছবির দাপট রুখতে বড় পদক্ষেপ, বাংলা ছবির পাশে মুখ্যমন্ত্রী
বক্স অফিসেও ছবির দাপট অব্যাহত। তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর হিন্দি সংস্করণের নেট আয় ৭০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। বিশ্বজুড়ে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১,৭০৪.৬৫ কোটি টাকা। অন্যদিকে, ‘ধুরন্ধর ২’-এর তুলনায় প্রায় ৭০ কোটি টাকা এগিয়ে রয়েছে বলেও জানা গিয়েছে। ভারতের বক্স অফিসে রণবীর কাপুরের কেরিয়ারের সবচেয়ে বেশি আয় করা ছবির তকমাও পেয়েছে ‘রামায়ণ’।
Leave a comment