মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরের রাউন্ড বা সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে ম্যাচটি ছিল কার্যত ‘ডু অর ডাই’। আর সেই মরণবাঁচন লড়াইয়ে তারকাখচিত উত্তরপ্রদেশ বোলিং আক্রমণকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন বাংলার ব্যাটাররা।
মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে বৃষ্টির কারণে ২০ ওভারের বদলে ম্যাচ কমে দাঁড়িয়েছিল ১৫ ওভারে। কিন্তু ওভার কমলেও রানের গতিতে এতটুকু রাশ টানেননি অভিষেক পোড়েল এবং করণ লাল। ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যশ দয়াল ও শিবম মাভিদের মতো আন্তর্জাতিক ও আইপিএল তারকাদের বেধড়ক পিটিয়ে ১৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে বাংলা।
জবাবে প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণি এবং অভিষেককারী অখিলেশ যাদবের দাপটে ১০৮ রানেই থেমে যায় উত্তরপ্রদেশের ইনিংস। ৯৩ রানের এই বিশাল জয়ে নেট রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়ে সুপার লিগ বা নক-আউটের আশা জিইয়ে রাখল কোচ লক্ষ্মীরতন শুক্লের বাংলা।
ম্যাচের শুরুতে ওপেনার সুদীপকুমার ঘরামি (১) দ্রুত ফিরে যাওয়ায় সামান্য চাপে পড়েছিল বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও (১৯) বড় রান পাননি। কিন্তু ক্রিজে টিকে থেকে উত্তরপ্রদেশের বোলিংয়ের কোমর ভেঙে দেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। চলতি মরশুমে দারুণ ছন্দে থাকা অভিষেক মাত্র ৩৯ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যাতে ছিল সাতটি চার ও তিনটি বিশাল ছক্কা।
তবে আসল তাণ্ডব চালান করণ লাল। অভিষেক আউট হওয়ার পর ডেথ ওভারে উত্তরপ্রদেশের বোলারদের উপর স্টিমরোলার চালান তিনি। মাত্র ২৯ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন করণ; তাঁর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৮২.৭৬! পাঁচটি চারের পাশাপাশি আটটি গগনচুম্বী ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে ঋষভ চৌধুরী মাত্র ৭ বলে অপরাজিত ১৮ রান করে দলকে দু’শো রানের গণ্ডি পার করিয়ে দেন।
সবচেয়ে করুণ অবস্থা হয় সদ্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলে ফেরা অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের। বাংলার ব্যাটারদের আক্রমণে দিশেহারা ভুবি ৩ ওভারে ৫৫ রান দিয়ে একটিও উইকেট পাননি; তাঁর এক ওভারেই ওঠে ৩০ রান। অন্যদিকে, চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ৩ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন; তাঁর এক ওভারে ১৯ রান তোলেন বাংলার ব্যাটাররা।
২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তরপ্রদেশ। অধিনায়ক কর্ণ শর্মা (২৭) এবং শেষ দিকে ভুবনেশ্বর কুমার (২৫) কিছুটা লড়াই করলেও ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি তুলতে পারেনি তারা।
বাংলার বোলারদের মধ্যে বাঁ-হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক মাত্র ১৫ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন। এ দিনই বাংলার জার্সিতে অভিষেক হওয়া অখিলেশ যাদব ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। মুকেশ কুমার ও সায়ন ঘোষ একটি করে উইকেট পেলেও, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকায় কিছুটা চিন্তা থাকল টিম ম্যানেজমেন্টের।
এই জয়ের ফলে এলিট গ্রুপ ‘এ’-তে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট এবং +২.২০৬ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বরোদা এবং তৃতীয় স্থানে রাজস্থান (যদিও তারা এক ম্যাচ কম খেলেছে)। গ্রুপের শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নামবে বাংলা। সেই ম্যাচ জিতলে এবং রান রেট ধরে রাখতে পারলে সুপার লিগের টিকিট নিশ্চিত করে ফেলবে লক্ষ্মী-ব্রিগেড।
Leave a comment