কলকাতা: নিম্নচাপের মেঘ কাটতেই বাংলার আকাশে দেখা মিলেছে রোদের। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে মঙ্গলবার সকাল থেকেই বদলেছে পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝলমলে রোদ উঠেছে। আর এর সঙ্গেই আবহাওয়া বদলের বড় ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার কি তবে জাঁকিয়ে শীত পড়ার পালা? পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন কলকাতায় আকাশ ছিল মেঘলা, আর তার সঙ্গে টানা বৃষ্টি। তবে আপাতত সেই পরিস্থিতির বদল ঘটছে। মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। দুপুরে রোদের তেজে কিছুটা অস্বস্তি হতে পারে। তবে রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। সপ্তাহের শেষের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৬ থেকে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে।
আরও পড়ুন: শীত না বৃষ্টি? সপ্তাহের শুরুতেই বাজি ধরছে কলকাতা!
দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়?
মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বর্ধমানের দুই জেলা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। বরং ভোর এবং রাতের তাপমাত্রা ক্রমশ কমবে। আগামী কয়েক দিনে জেলাগুলিতে সর্বনিম্ন পারদ নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জাঁকিয়ে অনুভূত হবে শীতের আমেজ।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায়?
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই পরিস্থিতি কাটলে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে ঠান্ডার আমেজ আরও বাড়বে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
Leave a comment