•
Home বিনোদন Parineeti Chopra: ৩৫ হাজার ফুট উচ্চতায় করবা চৌথ! বিশেষ দিন কীভাবে কাটালেন পরিণীতি-রাঘব? 
বিনোদন

Parineeti Chopra: ৩৫ হাজার ফুট উচ্চতায় করবা চৌথ! বিশেষ দিন কীভাবে কাটালেন পরিণীতি-রাঘব? 

Share
বিমানে রাঘব-পরিণীতি। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: স্বামীর মঙ্গলকামনায় রীতি মেনেই করবা চৌথ পালন করেছেন বলিউডের তারকারা। সমাজমাধ্যমে সেই ছবিও ভাগ করে নিয়েছে  শিল্পা শেট্টি থেকে শুরু করে মীরা রাজপুত, তাহিরা কাশ্যপ, অঙ্কিতা লোখান্ডে। বাদ যাননি পরিণীতি চোপড়াও। করবা চৌথে নির্জলা উপবাস করেছিলেন অভিনেত্রী। কিন্তু বাড়িতে বসে নয়, এবার বিমানের ভিতরেই সারলেন পুজো। সঙ্গে ছিলেন স্বামী রাঘব চাড্ডা। এই বিশেষ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরিণীতি। 

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের জানলা দিয়ে আকাশে চাঁদের খোঁজ করছেন রাঘব ও পরিণীতি। অবশেষে চাঁদের দেখা মেলে। তারপর স্বামীর হাতে জল ও খাবার খেয়ে উপবাস ভাঙেন অভিনেত্রী। ভিডিওর সঙ্গে পরিণীতি লেখেন, দূরত্ব যতই হোক, করবা চৌথ পালন করবেন। এমনকী সেই উদ্‌যাপন যদি ৩৫ হাজার ফুট উচ্চতাতেও হয়, তাতেও আপত্তি নেই।

স্বামীকে উদ্দেশ্য করে অভিনেত্রী লেখেন, ‘তুমি আমার সব স্বপ্ন সত্যি কর। তুমি সেরা মানুষ, সেরা স্বামী, সেরা বয়।’ কেন বাড়ির বদলে বিমানে করবা চৌথ পালন করতে হল, সেই কারণও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘ফ্লাইট দেরি হওয়ার কারণে বাড়ির বদলে বিমান থেকেই আমাদের চাঁদ দেখা হল! তাই ঠিক করলাম, সেখানেই পুজো সেরে নেব।’

পরিণীতির এই ভিডিও দেখে অনেকেরই প্রিয়াঙ্কা চোপড়ার করবা চৌথ পালনের কথা মনে পড়ে গিয়েছে। ২০২৫ সালে ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, একবার করবা চৌথের রাতে আকাশ পুরো মেঘে ঢাকা ছিল, মিলছিল না চাঁদের দেখা। তখন উপবাস ভাঙানোর জন্য নিক জোনাস তাঁকে বিমানে করে মেঘের উপরে নিয়ে গিয়েছিলেন। রাত ১১টা পর্যন্ত চাঁদ দেখা যায়নি। শেষ পর্যন্ত বিমানে চড়েই মেঘের উপর থেকে চাঁদ দেখে উপবাস ভেঙেছিলেন ‘দেশি গার্ল’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *