কলকাতা: বাংলা বিনোদনের জগতের অন্যতম পরিচিত মুখ শ্রুতি দাস। ছোটপর্দা থেকে ওটিটি, এমনকী বড়পর্দা অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। কাজ ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থেকেছেন শ্রুতি। পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেম, বিয়ে এবং বয়সের তফাৎ নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন। কিন্তু সেসবে বিশেষ কান না দিয়ে নিজের মতো সংসার করছেন শ্রুতি-স্বর্ণেন্দু। আইনি বিয়েও সেরে ফেলেছেন। এবার তবে ধুমধাম করে বিয়ের আসরে বসতে চলেছেন টলিপাড়ার এই দম্পতি?
গত সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছিলেন শ্রুতি। ছবিগুলি তোলা হয়েছিল সমুদ্রের ধারে। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘গল্পের নতুন মোড়’। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। ছবিতে শ্রুতিকে দেখা গিয়েছিল একেবারে বাঙালি কনের সাজে। পরনে ছিল লাল শাড়ি, লাল-সাদা নকশার ব্লাউজ। খোঁপায় ফুল, কানে ঝুমকো আর কপালে বড় লাল টিপ। অন্যদিকে, স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি। সমুদ্রসৈকতে কলাগাছ দিয়ে সাজানো হয়েছিল ছাদনাতলা। সেখানে লেখা ছিল, ‘দুটি মন, দুটি পথ, আজ এসে মিলেছে এক সুরে…’। সাজসজ্জা এবং তাঁদের পোশাক দেখে অনুরাগীরা মনে করেছিলেন, এটি কোনও সাধারণ ফটোশুট নয়, বরং বিয়ে উপলক্ষে বিশেষ আয়োজন।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি ধুমধাম করে বিয়ে সারতে পারেন শ্রুতি ও স্বর্ণেন্দু। উল্লেখ্য, ২০২৩ সালের ৯ জুলাই আইনি বিয়ে করেছিলেন তাঁরা। তখন ঘরোয়া আয়োজনেই মালাবদল ও সিঁদুরদানের পর্ব সেরেছিলেন দু’জনে। এবার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়ে বড় করে সামাজিক বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জল্পনা।
Leave a comment