•
Home Top-News হয়েছিল রেকি, এসেছিল হুমকি! কুলগাম হামলায় চাঞ্চল্যকর দাবি
Top-Newsদেশপশ্চিমবঙ্গ

হয়েছিল রেকি, এসেছিল হুমকি! কুলগাম হামলায় চাঞ্চল্যকর দাবি

Share
বিষ্ণুপুর শান্তনুর অপেক্ষায় পরিবার। ছবি: সংগৃহীত
Share

নয়াদিল্লি: রক্তে ভিজল ফের ভূস্বর্গ। 

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ-এর একটি চেকপোস্টে বুধবার এক ভয়াবহ জঙ্গি হানায় গুরুতর আহত হয়েছেন তিন জওয়ান। আহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরের শাঁখারিবাজার এলাকার বাসিন্দা তথা ৪৬ নম্বর ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ান শান্তনু চন্দ্রও। তাঁর হাতে গুলি লেগেছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 

এই হামলার ঠিক দু’দিন আগে এক রহস্যময় কিশোরের হুমকি এবং লস্কর-ই-তইবার স্থানীয় কমান্ডারের যোগসূত্রের তত্ত্ব সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার আকস্মিকতায় বিষ্ণুপুরের মল্লেশ্বর এলাকার শান্তনুর বাড়িতে এখন কান্নার রোল ও চরম আতঙ্ক।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে মীর বাজারের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের সংলগ্ন একটি চেকপোস্টে এই অতর্কিত হামলা চালানো হয়। 

প্রাথমিক ভাবে হামলাকারীরা বাইকে চড়ে এসেছিল বলে মনে করা হলেও, পরবর্তীতে সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ তদন্তে স্পষ্ট হয়েছে যে, ওই ঘটনায় কোনও দু’চাকার যান ব্যবহার করা হয়নি। বরং চেকপোস্ট থেকে মাত্র ৫০ মিটার দূরের একটি ছোট জঙ্গল ও ঘন গাছপালার আড়াল থেকে হেঁটে বেরিয়ে আসে দুই জঙ্গি। তাদের মধ্যে একজন এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং অপরজন তাকে আড়াল দেয়। হামলা চালিয়ে নিরাপদে সেই একই জঙ্গলের পথ ধরে নওপুরের দিকে চম্পট দেয় তারা।

আরও পড়ুন : ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! কুলগ্রামে জঙ্গি হামলায় আহত তিন

এই ঘটনার নেপথ্যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে তদন্তে। গোয়েন্দারা জানতে পেরেছেন, হামলার ঠিক দু’দিন আগে অর্থাৎ সোমবার এক কিশোর ওই চেকপোস্টের সামনে এসে কর্তব্যরত জওয়ানদের সরাসরি হুমকি দিয়ে গিয়েছিল। 

দশম শ্রেণির ছাত্র বলে অনুমান ওই কিশোর জওয়ানদের উদ্দেশে বলেছিল, ‘‘হাম তুমহে ছোড়েঙ্গে নেহি (আমরা তোমাদের ছাড়ব না)।’’ সেই সময়ে নিরাপত্তা কর্মীরা বিষয়টিকে গুরুত্ব না দিলেও, বুধবারের হামলার পর ওই কিশোরকে শনাক্ত করতে জোরদার তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। 

এ ছাড়া ঘটনাস্থলের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিরাপত্তা বাহিনীর প্রবল সন্দেহ, গত জুলাই মাসে সোপিয়ানের সেনা অভিযান থেকে পালিয়ে বেঁচে থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার স্থানীয় কমান্ডার মহম্মদ লতিফ ভাটই এই নাশকতার মূল পাণ্ডা।

বুধবারের এই হামলায় বাঁকুড়ার জওয়ান শান্তনু চন্দ্রের হাতে গুলি লাগে। এছাড়া অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং নামে আরও দুই জওয়ান গুরুতর আহত হন। তিনজনকে দ্রুত উদ্ধার করে অনন্তনাগের হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনার পরেই পরিবারের কাছে খবর পৌঁছতেই ভেঙে পড়ে শান্তনুর পরিবার। ২০১১ সালে সিআরপিএফে যোগ দেওয়া শান্তনু গত সাড়ে তিন বছর ধরে কাশ্মীরে কর্মরত। সম্প্রতি কালীপুজোয় ছুটি কাটিয়ে লক্ষ্মীপুজোর পরের দিনই ফের কর্মস্থলে যোগ দিয়েছিলেন।

আহত জওয়ানের স্ত্রী নন্দিনী চন্দ্র জানান, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ শান্তনু নিজেই ফোন করে জানান যে হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে যাচ্ছেন। তবে সে সময় তিনি গুলিবিদ্ধ হওয়ার কথা চেপে গিয়েছিলেন। 

পরে এক সিনিয়র অফিসারের ফোন থেকেই পরিবারের কাছে আসল সত্য সামনে আসে। শান্তনুর বাবা তারাপদ চন্দ্র বলেন, “ছেলের সঙ্গে কথা হয়েছে। ও বলেছে বাবা চিন্তা করো না, হাতে একটু লেগেছে। কিন্তু কাশ্মীরের মতো উপত্যকায় ছেলে যতদিন রয়েছে, বুক তো কেঁপেেই থাকবে।”

ঘটনার পরই কুলগাম-সহ পুরো দক্ষিণ কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। জওয়ানদের রক্ত ঝরানোর বদলা নিতে এবং হামলাকারী জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিতে উপত্যকায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *