কলকাতা: প্রেম, ভক্তি আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে উদযাপিত হয় রাস উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ রাধা ও গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা। পুরাণের কাহিনি অনুযায়ী, কৃষ্ণের বাঁশির সুরে আকৃষ্ট হয়ে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন গোপিনীরা। তাঁদের ভক্তি ও প্রেমের টানেই তাঁদের মাঝে ফিরে এসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই স্মরণেই প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাসপূর্ণিমা পালিত হয়। বৃন্দাবন, মথুরা থেকে শুরু করে নবদ্বীপ বিভিন্ন জায়গায় এই উৎসব পালন করা হয়।
এ বছর কবে রাসপূর্ণিমা? বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৩ নভেম্বর, সোমবার থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২৩ নভেম্বর রাত ১১টা ৪৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮টা ২৪ মিনিটে। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৩ নভেম্বর রাত ১০টা ৫০ মিনিট ২৯ সেকেন্ডে তিথি শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে। সেই হিসাবে মঙ্গলবার পালিত হবে রাসপূর্ণিমা।
আরও পড়ুন: শীত আসতেই গায়ে তেল মাখছেন? সময়ের ভুলে ত্বকের যত্নে খামতি থেকে যাচ্ছে না তো!
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাসপূর্ণিমায় কয়েকটি বিশেষ নিয়ম মেনে পুজো করতে হয়। তাহলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। এই দিন বাড়িতে শ্রীবিষ্ণু, গোপাল এবং রাধাকৃষ্ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর সময় রাধাকৃষ্ণের চরণে নাভিশঙ্খের আংটি রেখে পুজো করার রীতি রয়েছে। পরদিন সেই আংটি ধারণ করার বিধানও রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহিলারা বাঁ হাতে এবং পুরুষেরা ডান হাতে এই আংটি পরতে পারেন।
রাসপূর্ণিমায় চন্দ্রের কৃপা লাভের আশায় সাদা রঙের কোনও সামগ্রী দান করার রীতি রয়েছে। রাধাকৃষ্ণের পুজোয় হলুদ কিংবা সাদা রঙের মিষ্টি নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। তবে এই দিনে তুলসীগাছের পাতা তুলবেন না। একান্ত প্রয়োজন হলে আগের দিনই পাতা তুলে রাখা উচিত। বরং রাসপূর্ণিমায় তুলসীগাছের গোড়ায় হলুদ বা সাদা ফুলের মালা ও মিষ্টি নিবেদন করে পুজো করতে পারেন। সন্ধ্যায় তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর বিশেষ রীতিও রয়েছে।
এছাড়াও এই শুভ দিনে বাড়িতে খাদ্যদ্রব্যের অভাব রাখবেন না। কোনও খাবার একেবারে শেষ হয়ে যাওয়ার আগেই নতুন করে ব্যবস্থা করে নিন। বিশ্বাস, এতে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ বজায় থাকে। প্রচলিত বিশ্বাস, রাসপূর্ণিমার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া এবং সারাদিন নিরামিষ খাবার গ্রহণের পরামর্শও দেওয়া হয়। পাশাপাশি বাড়িতে গীতাপাঠ করলে শুভ ফল মেলে। রাসপূর্ণিমার এই বিশেষ দিনে ভক্তিভরে রাধাকৃষ্ণের আরাধনা, ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে আপনার ঘরে ফিরবে সুখ-সমৃদ্ধি।
Leave a comment