•
Home Top-News ‘খুন করতেই সরানো হয়েছিল নিরাপত্তা’, রাজীব হত্যা নিয়ে নয়া বিতর্ক উসকে দিলেন রাহুল
Top-Newsদেশ

‘খুন করতেই সরানো হয়েছিল নিরাপত্তা’, রাজীব হত্যা নিয়ে নয়া বিতর্ক উসকে দিলেন রাহুল

Share
সনিয়ার সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা। ছবি : ফেসবুক
Share

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার নিছক কোনও প্রশাসনিক ভুল বা দুর্ঘটনা ছিল না, বরং তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে নিরাপত্তা তুলে নিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল! 

রাজীব-হত্যার সাড়ে তিন দশক পর এ বার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মা সনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশের আবহে মা এবং বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে এক খোলামেলা পারিবারিক আড্ডায় বসে রাহুল এই অভিযোগ করেছেন। 

সমাজমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রকাশিত সেই কথোপকথনের ভিডিওতে গান্ধী পরিবারের রাজনৈতিক উত্থান-পতন, ব্যক্তিগত ট্র্যাজেডি এবং রাজীব-হত্যার আগেকার চরম উৎকণ্ঠার অজানা অধ্যায় উঠে এসেছে।

ভিডিওতে রাহুল গান্ধীকে স্পষ্ট বলতে শোনা যায়, “বাবাকে খুন করার জন্যই ওঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। এটা কোনও দুর্ঘটনা ছিল না, ইচ্ছাকৃত ভাবেই করা হয়েছিল যাতে উনি খুন হন। এবং ওঁকে খুন করার মতো একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। কী ঘটতে চলেছে, তা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি বাবাকেও বলেছিলাম, মাকেও বলেছিলাম। এই নিরাপত্তা নিয়ে বাবার সঙ্গে আমার তর্কও হয়েছিল।”

এই প্রসঙ্গে ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ঠিক আগে বিহার সফরের এক ভয়াবহ স্মৃতিচারণ করেন সনিয়া গান্ধী। তখন রাজীব বিরোধী দলনেতা। সনিয়া জানান, ওই সফরে রাহুলও বাবার সঙ্গে ছিলেন। খোলা জিপে প্রচার চালানোর সময় রাজীবকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং তীব্র বিক্ষোভ দেখানো হয়। 

বিরোধী বা বিজেপি-শাসিত রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার আক্ষেপ করে সনিয়া বলেন, “সেটা ছিল এক ভয়ঙ্কর সফর। বাড়ি ফিরে রাহুল আমাকে বলেছিল, ‘মা, বাবার নিরাপত্তার বিষয়ে আমরা যদি এখনই কিছু না করি, তবে খুব শীঘ্রই আমাকে বাবার শেষকৃত্যে যোগ দিতে ফিরে আসতে হবে’।” রাহুল জানান, বিহারের ওই ঘটনাই ছিল চূড়ান্ত সতর্কবার্তা, কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়।

১৯৮৪ সালে ঠাকুমা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর বাবার নিরাপত্তা নিয়ে গোটা পরিবার কতটা আতঙ্কে থাকত, তা-ও উঠে এসেছে প্রিয়ঙ্কা গান্ধীর কথায়। প্রিয়ঙ্কা জানান, সনিয়া গান্ধী রাতের পর রাত বাড়ির চারপাশের কাঁটাতার ঠিক আছে কি না এবং নিরাপত্তারক্ষীরা ঘুমিয়ে পড়েছেন কি না, তা ঘুরে ঘুরে পরীক্ষা করতেন। আর প্রিয়ঙ্কা নিজে বাবার পায়ের শব্দ না শোনা পর্যন্ত ঘুমোতে পারতেন না। রাজীবের মৃত্যুর পর মা সনিয়া গান্ধী আমূল বদলে গিয়েছিলেন জানিয়ে রাহুল আবেগঘন গলায় বলেন, “আমার মনে হত, আমার আসল মা যেন কোথাও হারিয়ে গিয়েছেন।”

কথোপকথনে ২০০৪ সালে সনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যান করার নেপথ্য-কাহিনীও উঠে আসে। সনিয়া জানান, তাঁর ক্ষমতার কোনও লোভ ছিল না, কিন্তু দলের কর্মীদের আবেগের কথা ভেবেই তিনি দ্বিধায় ছিলেন। 

রাহুল কটাক্ষ করে বলেন, সে সময় ঘরে এমন ছ’-সাত জন ‘স্বপ্নদর্শী’ নেতা ছিলেন যাঁদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, তাই সনিয়া সরে দাঁড়ানোয় তাঁদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল। এ ছাড়া, বিদেশিনী বলে সনিয়াকে যে কদর্য ব্যক্তিগত আক্রমণ ও অপমান সহ্য করতে হয়েছিল, তা বইয়ে না লেখার কথাও তুলে ধরেন রাহুল। 

পাশাপাশি, জরুরি অবস্থার পর স্কুলে রাহুলের সপ্তম জন্মদিনে ৩২ জন বন্ধুকে নিমন্ত্রণ করেও মাত্র এক জনের আসার বিষণ্ণ স্মৃতি এবং ইতালি থেকে ভারতে এসে সনিয়ার মানিয়ে নেওয়ার গল্পও উঠে এসেছে এই আবেগঘন পারিবারিক আড্ডায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *