কলকাতা: গরম হোক কিংবা বর্ষা বা শীত, মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যায় না। অথচ একই ঘরে পাশাপাশি বসে থাকলেও কাউকে বেশি মশা কামড়ায়, আবার কাউকে প্রায় ছোঁয়ই না! কেন এমন হয় জানেন? ধারণা অনুযায়ী, যাঁদের রক্ত মিষ্টি, মশা তাঁদেরই বেশি পছন্দ করে। আবার অনেকের মতে, মশার কামড়ানোর প্রবণতা নির্ভর করে রক্তের গ্রুপের উপরেও। কিন্তু এর নেপথ্যে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ।
কোন রক্তের গ্রুপের মানুষকে বেশি কামড়ায় মশা?
‘জার্নাল অফ মেডিক্যাল এনটোমোলজি’-তে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা A গ্রুপের তুলনায় O গ্রুপের মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। B গ্রুপের ক্ষেত্রে দেখা গিয়েছিল মাঝামাঝি আকর্ষণ। যদিও শুধু রক্তের গ্রুপ দেখেই মশার পছন্দ বোঝা সম্ভব নয়। এর পিছনে রয়েছে বিজ্ঞান। প্রায় ৮০ শতাংশ মানুষের শরীর থেকে বেশ কিছু উপাদান বের হয়, যা তাঁদের রক্তের গ্রুপের পরিচয় বহন করে। এই উপাদান পাওয়া যায় ঘাম, লালার মতো শরীরের বিভিন্ন তরলে। মনে করা হয়, মশা এই রাসায়নিক সংকেত বুঝতে পারে।
আরও পড়ুন: নাকছাবি, স্টাড না নাকের রিং? মুখের গড়ন বুঝে বেছে নিন সঠিক গয়না
কী কী কারণে মশা আকৃষ্ট হয়?
ঘাম ও শরীরের গন্ধ: শরীর থেকে বের হওয়া ঘামের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়ার মতো নানা রাসায়নিক উপাদান। ত্বকের স্বাভাবিক গন্ধের সঙ্গে মিশে এই উপাদানগুলি মশাকে আকৃষ্ট করতে পারে। তাঁদের দিকে মশা বেশি ছুটে যেতে পারে।
নিঃশ্বাসের কার্বন ডাই-অক্সাইড: মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই-অক্সাইডও মশার কাছে গুরুত্বপূর্ণ সংকেত। এই গ্যাসের উপস্থিতি বুঝেই সম্ভাব্য শিকারের কাছাকাছি পৌঁছতে পারে তারা। কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণ অধিক হলে মশা সেই ব্যক্তিকে দ্রুত শনাক্ত করতে পারে
গর্ভাবস্থা: কয়েকটি গবেষণায় উঠে এসেছে, গর্ভবতী মহিলাদের প্রতি মশার আকর্ষণ তুলনামূলক বেশি থাকে। এই সময়ে শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। পাশাপাশি নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড নির্গমনের পরিমাণও বাড়তে পারে। দুই বিষয় মশাকে আকৃষ্ট করার অন্যতম কারণ।
বিয়ার পান: একটি গবেষণায় দেখা গিয়েছে, বিয়ার পান করার পরেও মশার আকর্ষণ বাড়তে পারে। শরীরের তাপমাত্রা কিংবা গন্ধের পরিবর্তন এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হয়।
পোশাকের রং: মশা শুধু গন্ধের উপর নির্ভর করে না, চোখের সাহায্যেও সম্ভাব্য শিকার খুঁজে নেয়। বিশেষ করে কালো, গাঢ় নীল ও লাল রঙের মতো কিছু রং তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।
Leave a comment