কলকাতা: ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ফিনালের আর মাত্র কয়েকদিন বাকি। এই রিয়ালিটি শোয়ের সফর শেষ হবে আগামী ৬ ডিসেম্বর। কিন্তু শেষ মুহূর্তে এসেও বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও প্রতিযোগীদের মধ্যে বাগ্বিতণ্ডা, কখনও বন্ধুত্বের টানাপোড়েন, আবার কখনও টাস্ক ঘিরে তুমুল উত্তেজনা। এতদিন চর্চার কেন্দ্রে ছিল রাজবীর-নন্দিনী। তবে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জীতু ও সৃজলা। তাঁদের সম্পর্ক ঘিরে দর্শকমহলে জল্পনা চলছিলই। কিন্তু এবার নতুন করে দুজনের একান্ত মুহূর্ত ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।
ঘটনাটি ২৩ নভেম্বর মধ্যরাতের। ঘড়িতে তখন প্রায় ১২টা ৪৫। বাড়ির বাকি সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত। সোফার পিছনে বসে একান্তে গল্প করছিলেন জীতু ও সৃজলা। একে অপরের হাতে রেখেছিলেন দুজনে। কথার মাঝেই আবেগপ্রবণ হয়ে পড়েন জীতু। প্রসঙ্গ ছিল তনুশ্রীকে নিয়ে। ‘দাদার দরবারে’ সৌরভের কাছে তনুশ্রী ধমক খেয়েছিলেন। সেই ঘটনা মনে করেই জীতুর মন খারাপ হয়ে যায়। এই ঘটনায় তনুশ্রীর মেয়ের মনে আঘাত লাগতে পারে ভেবে তাঁর মন আরও খারাপ হয়ে যায়। সেই কথাই সৃজলার সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন তিনি।
আরও পড়ুন: ‘পঞ্চায়েত ৫’-এর পর বড়পর্দায় সচিবজি! বড় ইঙ্গিত নির্মাতাদের
জীতুর মন খারাপ বুঝে তাঁকে সান্ত্বনা দেন সৃজলা। প্রথমে হাতে হাত রেখে কথা, তারপর জীতুর মাথায় হাত বুলিয়ে দেন তিনি। আর ঠিক সেই সময়েই পুরো ঘটনাটা চোখে পড়ে যায় দুর্নিবার। সোফার পিছনে দুজনকে এভাবে একসঙ্গে দেখে আর দেরি করেননি তিনি। দৌড়ে গিয়ে গোটা ঘটনা জানান সৌরভকে। সৌরভ আবার বিষয়টি তনুশ্রীকে জানান। যদিও এ নিয়ে বিশেষ আগ্রহ দেখাননি তনুশ্রী।
উল্লেখ্য, বিগ বসের বাড়িতে জীতু একাধিকবার সৃজলার প্রতি নিজের ভাললাগার কথা জানিয়েছেন। এমনকি তাঁকে প্রেমের প্রস্তাবও দিয়েছেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি সৃজলা। কিন্তু তার ঠিক পরেই সোফার আড়ালে দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত দর্শকের মনে নতুনভাবে প্রশ্ন তুলছে। তাহলে কি জীতু-সৃজলার সম্পর্কের সমীকরণে বদল আসছে? নাকি নিছকই বন্ধুত্ব? বিগ বসের বাড়িতে তাঁদের এই সম্পর্কের রসায়ন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর দর্শকের।
Leave a comment