•
Home Top-News নানক জয়ন্তীতে বৃত্ত পূর্ণ! বিচ্ছেদ কাটিয়ে ফের এনডিএ-তে অকালি
Top-Newsদেশ

নানক জয়ন্তীতে বৃত্ত পূর্ণ! বিচ্ছেদ কাটিয়ে ফের এনডিএ-তে অকালি

Share
দিল্লিতে সম্পন্ন বিজেপি-অকালি জোট। ছবি : এক্স
Share

নয়াদিল্লি: পাখির চোখ পঞ্জাব!

দীর্ঘ ছ’বছরের মান-অভিমান ও রাজনৈতিক বিচ্ছেদ কাটিয়ে অবশেষে ফের এক ছাতার তলায় এল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমণি অকালি দল (এসএডি)। মঙ্গলবার পবিত্র গুরু নানক জয়ন্তী বা গুরু পরবের দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক যৌথ সাংবাদিক বৈঠকে ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিক ভাবে প্রাক্-নির্বাচনী জোটের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। 

এই জোটকে এনডিএ-র (NDA) পূর্ণতা প্রাপ্তি হিসেবে উল্লেখ করে শাহ জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল এবং অটলবিহারী বাজপেয়ীর হাত ধরে যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছিল, গুরু পরবের পুণ্য তিথিতে তার নবজন্ম ঘটল। এই জোট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অত্যন্ত আনন্দিত এবং সোমবারই তিনি সুখবীর বাদলের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীর বার্তা উদ্ধৃত করে শাহ বলেন, “এই জোট কেবল পঞ্জাবেই নয়, গোটা দেশ ও বিশ্বে হিন্দু-শিখ সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হয়ে উঠবে।”

আরও পড়ুন : রাহুল চান ১০০, সপা দেবে ৫৫! গোড়াতেই আসন জটে কং-সপা

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ২০২০ সালের সেপ্টেম্বরে বিজেপির সঙ্গে ২৪ বছরের পুরনো জোট ভেঙে বেরিয়ে এসেছিল অকালি দল। কিন্তু ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে আলাদা লড়াই করতে গিয়ে ১১৭ আসনের মধ্যে বিজেপি মাত্র দু’টি এবং অকালি দল মাত্র তিনটি আসনে জয়ী হয়েছিল, যার জেরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আম আদমি পার্টি (আপ)। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কয়েক সপ্তাহের জোর জল্পনার অবসান ঘটিয়ে ফের হাত মেলাল দুই পুরনো শরিক।

এ দিন বিজেপি সভাপতি নীতিন নবীন এই জোটকে ‘স্বাভাবিক মৈত্রী’ বলে অভিহিত করেন। অন্য দিকে, সুখবীর সিংহ বাদল আবেগঘন গলায় বলেন, “এই জোট নিছক কোনও রাজনৈতিক জোট নয়, বরং পঞ্জাবের স্বার্থে এটি একটি আবেগের বন্ধন। আমার বাবা প্রকাশ সিংহ বাদল এবং অটলবিহারী বাজপেয়ী এই জোটের ভিত গড়েছিলেন।” পঞ্জাবের ক্ষমতাসীন ভগবন্ত মান ও অরবিন্দ কেজরীওয়ালের সরকারকে তীব্র আক্রমণ করে বাদল অভিযোগ করেন, ‘টিম কেজরীওয়াল’ এখন শুধু পঞ্জাবকে লুট করতেই ব্যস্ত।

জোটের আগামী দিনের রূপরেখা তুলে ধরে অমিত শাহ পঞ্জাবের ভয়াবহ মাদক সমস্যার বিরুদ্ধে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। তাঁর ঘোষণা, “২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা পঞ্জাবকে সম্পূর্ণ মাদকমুক্ত করব। মাদক নির্মূল করা, দুর্নীতি শেষ করা এবং জাতীয়তাবাদী শক্তিকে মজবুত করাই আমাদের প্রধান লক্ষ্য।” 

তিন মাসের মধ্যে মাদক শেষ করার প্রতিশ্রুতি দিয়েও আপ সরকার এবং ২০১৭ সালে রাহুল গান্ধীর কংগ্রেস ব্যর্থ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, শিখ গুরুদের অপমানকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না এবং কৃষকদের যাবতীয় সমস্যা মেটানো হবে বলেও আশ্বাস দেন শাহ।

সূত্রের খবর, ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় আসন সমঝোতা নিয়েও দুই দলের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০২০ সালের আগে জোট থাকাকালীন অকালি দল ‘বড় দাদা’-র ভূমিকায় ৯৪টি এবং বিজেপি ২৩টি আসনে লড়ত। তবে এ বার পরিবর্তিত সমীকরণে বিজেপি প্রায় ৪০টির মতো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জল্পনা তুঙ্গে। সব মিলিয়ে, ২০২৭-এর পঞ্জাব ভোটের আগে বিজেপি-অকালি পুনর্মিলন উত্তর ভারতের রাজনীতিতে নয়া সমীকরণের জন্ম দিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *