কলকাতা: মানুষের জীবন বাঁচানোর ভরসা হয়ে উঠেছিল একটি সাধারণ বাইক। দুর্গম পথ পেরিয়ে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে দিতে দিন-রাত এক করে ছুটে বেড়িয়েছেন তিনি। জলপাইগুড়ির করিমুল হকের সেই অসামান্য লড়াই উঠে আসছে বড়পর্দায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তির দিন ঘোষণা হয়ে গেছে। এবার প্রকাশ্যে এল ছবির টিজার। আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের আবহে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শনিবার সন্ধ্যায় নতুন পোস্টার প্রকাশ করে ছবির মুক্তির দিন ঘোষণা করেন দেব। পোস্টারে দেখা যাচ্ছে, বাইকে করে এক রোগীকে নিয়ে ছুটছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন এক মা ও ছোট্ট শিশু। সঙ্গে লিখেছেন, ‘দু’চাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ এটি দেবের অভিনয় জীবনের ৫০তম ছবি।
মঙ্গলবার প্রকাশ পেয়েছে ছবির টিজার। সেখানে করিমুল হকের ভূমিকায় দেখা গিয়েছে দেবকে। অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে দিন-রাত এক করে তাঁর ছুটে চলার কাহিনির ঝলক মিলেছে। নিজের বাইক নিয়েই দুর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের তুলে ধরা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতাও। মানুষের প্রাণ বাঁচাতে ব্যক্তিগত জীবনেও যে তাঁকে কম বাধার মুখে পড়তে হয়নি, টিজারে তারও আভাস মিলেছে। পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন করিমুল।
আরও পড়ুন: সোফার আড়ালে জীতু-সৃজলার ঘনিষ্ঠ মুহূর্ত! দেখে ফেললেন দুর্নিবার, তারপর কী হল?
ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। প্রথম ঝলকে উঠে এসেছে তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত থেকে শুরু করে বিয়ের দৃশ্যও। এছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, শুভাশিস মুখোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখ। সব মিলিয়ে বাস্তবের জীবনসংগ্রামের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েনও এই ছবিতে দেখানো হয়েছে।
প্রথম ঝলকের শেষদিকে আরও একটি বিশেষ মুহূর্ত রয়েছে। মানুষের সেবার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে করিমুল হক পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। সেই ঘটনাও ছবিতে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, নিজের মায়ের মৃত্যুর পর প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছিলেন করিমুল। সেই লক্ষ্যেই সাধারণ মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে পরিণত করে তাঁর পথচলা শুরু হয়েছিল। তাঁর এই মানবিক উদ্যোগই এবার সিনেমার গল্পের কেন্দ্রে।
Leave a comment