•
Home Top-News ৫২ বলে ডবল সেঞ্চুরি! এক ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক, তাণ্ডব বেবি বসের
Top-Newsখেলা

৫২ বলে ডবল সেঞ্চুরি! এক ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক, তাণ্ডব বেবি বসের

Share
নায়ক সূর্যবংশী।
Share

নয়াদিল্লি: এ যেন রক্তমাংসের কোনও কিশোর নয়, বরং বাইশ গজে ব্যাট হাতে নেমে আসা কোনও ভিডিও গেমসের চরিত্র! বয়স মাত্র ১৫ বছর। কিন্তু তার ব্যাটের তান্ডবে মঙ্গলবার একসঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল বিশ্বক্রিকেটের তিনটি বড়সড় নজির। 

উঠতি তারকাদের এশিয়া কাপ (Asia Cup Rising Stars 2026)-এর মরণবাঁচন গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ২৮ বলে শতরান এবং ৫২ বলে দ্বিশতরান হাঁকিয়ে এক ম্যাচেই বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক গড়ল বিহারের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। 

তার ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংসের উপর ভর করে আমিরশাহীর দেওয়া ২৫০ রানের লক্ষ্যমাত্রা মাত্র ১৪.২ ওভারে, ৭ উইকেট হাতে রেখেই টপকে গেল তিলক বর্মার ভারত ‘এ’ দল। এই ঐতিহাসিক জয়ের সুবাদে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত।

আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর প্রবল চাপে ছিল ভারত ‘এ’। প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় সমালোচনা হচ্ছিল বৈভবকে নিয়েও। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হরপ্রীত সিংহ ভাটিয়ার ধৈর্যশীল শতরানে (১৪৪ বলে ১৩০ রান) ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৯ রান তোলে আমিরশাহী। ভারতের হয়ে আরশাদ খান ৪টি উইকেট নেন, উইকেট পান হর্ষিত রানা এবং শাহবাজ় আহমেদও।

আরও পড়ুন : বৈভব তাণ্ডবে চুরমার আমিরশাহী! ২৮ বলে বিশ্বরেকর্ডের শতরান সূর্যবংশীর

কিন্তু আসল নাটক শুরু হয় ভারতের ইনিংসে। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বল থেকেই আমিরশাহীর বোলারদের উপর স্টিমরোলার চালাতে শুরু করে বাঁ-হাতি ওপেনার বৈভব। অপর প্রান্তে অভিষেক শর্মা কার্যত দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন! 

মাত্র ১৬ বলে ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করার পর রানের গতি আরও বাড়ায় বৈভব। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড ছিল জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (২৯ বল)। বৈভব চার মেরে মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করে সেই বিশ্বরেকর্ড ভেঙে দেয়। ওই ওভারেই চার-ছক্কার ঝড়ে ওঠে ৩০ রান।

শতরানের পরেও থামেনি ‘বৈভব শো’। উদ্দিশ সুরির এক ওভারে প্রথম চার বলে টানা চারটি ছক্কা হাঁকায় সে। মাত্র ৪০ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ১৫০ রান পূর্ণ করার পর, পরবর্তী ৫০ রান তুলতে নেয় মাত্র ১২ বল! ৫২তম বলে বিশাল ছক্কা মেরে পৌঁছে যায় দ্বিশতরানের মাইলফলকে। 

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজ়িল্যান্ডের ক্যান্টারবেরি ব্যাটার চ্যাড বোয়েসের (১০৩ বল)। বৈভব সেই নজির ভাঙল ঠিক অর্ধেক বল খেলে!

একটি ক্যাচ ফসকানো ছাড়া গোটা ইনিংসে আমিরশাহীর বোলারদের কোনও সুযোগই দেয়নি ১৫ বছরের এই কিশোর। বেশ কয়েক বার বল মাঠের বাইরে সংলগ্ন জঙ্গলে হারিয়ে যাওয়ায় নতুন বল আনতে হয় আম্পায়ারদের। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে (স্ট্রাইক রেট ৩৮৪.৯১) ফের ছক্কা মারতে গিয়ে আউট হয় বৈভব। 

তার ইনিংসে ছিল ৭টি চার এবং অবিশ্বাস্য ২৮ ছক্কা অর্থাৎ ১৯৬ রানই এসেছে বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি থেকে! এর সুবাদে পেশাদার ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে এক ইনিংসে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ডও নিজের নামে করে নিল বৈভব। পিছনে ফেলে দিল ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে তন্ময় অগ্রবালের মারা ২৬ ছক্কার নজির। বৈভব আউট হওয়ার পর রিঙ্কু সিংহ (১৯ বলে অপরাজিত ২৭) ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *