•
Home Top-News তারিখ ঘোষণা করে কৌশলী হাসিনা! রাতেই রাস্তায় নামল আওয়ামি, সীমান্তে কড়া নজরদারি
Top-Newsবিশ্ব

তারিখ ঘোষণা করে কৌশলী হাসিনা! রাতেই রাস্তায় নামল আওয়ামি, সীমান্তে কড়া নজরদারি

Share
Hidden Stories News
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল চিত্র।
Share

ঢাকা: ২০২৪ সালের ৫ অগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার দু’বছরেরও বেশি সময় পর, আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসেই বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দিল্লি থেকে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বিশেষ বিমানে তাঁকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। কিন্তু হাসিনার এই প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক, কূটনৈতিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বহুমুখী সংকটে রীতিমতো ফুটছে গোটা বাংলাদেশ। 

একদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান ঢাকা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখামাত্রই তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। 

অন্যদিকে, সীমান্তের ওপার থেকে আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্বের রহস্যময় তৎপরতা, দেশের অন্দরে ৫৫ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষ, সব মিলিয়ে ডিসেম্বর মাসের আগে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পদ্মাপার।

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতের সীমান্তবর্তী এলাকায় আওয়ামি লিগের প্রথম সারির নেতাদের সাম্প্রতিক গতিবিধি। গত ২২ নভেম্বর কলকাতার নিউ টাউন থেকে রওনা দিয়ে জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের মতো চার শীর্ষ নেতা উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে পৌঁছন। 

সেখানে পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দু’ঘণ্টা ধরে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা। যদিও ভারতের তরফে এই বৈঠক নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য রুট এবং সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সফর।

আরও পড়ুন : মজুরি বৃদ্ধির দাবি! লাঠি, গ্যাসে এবার অগ্নিগর্ভ বাংলাদেশের গাজিপুর

পাশাপাশি, বিকল্প পথ হিসেবে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ খতিয়ে দেখার তৎপরতাও সামনে এসেছে। এরই মধ্যে বনগাঁর একটি জনসভা থেকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার যশোর রোড ও পেট্রাপোল সীমান্ত দিয়ে হাসিনার বাংলাদেশে প্রবেশের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় জল্পনা আরও তীব্র হয়েছে।

সীমান্তের ওপারের এই তৎপরতার আঁচ পেয়েই চূড়ান্ত সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করে বিজিবি-র মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্পষ্ট জানান, ডিসেম্বর মাসে যাতে কোনও অননুমোদিত বা বিতর্কিত ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে না পারেন, সে জন্য নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। 

আখাউড়া সীমান্তে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি এবং থার্মাল ড্রোন নামানো হয়েছে। পাশাপাশি, যশোরের বেনাপোল সংলগ্ন ৭২ কিলোমিটার এবং সাতক্ষীরার ৫৪ কিলোমিটার সীমান্ত জুড়ে দিন-রাত টহলদারি ও তল্লাশি চালাচ্ছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদেরও সন্দেহজনক গতিবিধি দেখলে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।

দেশের অন্দরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া এবং আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ইতিপূর্বে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার জেরে মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

চট্টগ্রামে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া, সন্ত্রাসবিরোধী আইনে ২০২৫ সালে আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ করার পর এ বার সংবিধান সংশোধনের মাধ্যমে দলটিকে চিরতরে রাজনীতির বাইরে রাখার আলোচনাও তুঙ্গে।

রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও। নড়াইলে একাধিক হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে; যদিও পুলিশের দাবি, সমাজমাধ্যমে ছড়ানো কিছু ভিডিও পুরনো বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। 

তবুও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে, খুলনা রেলস্টেশনের কাছে দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ৬ নভেম্বরের পর গত ২২ নভেম্বর ফের কালি লেপে বিকৃত করার ঘটনায় বাঙালির সাংস্কৃতিক আবেগে বড়সড় আঘাত লেগেছে।

এর উপর অর্থনীতির মেরুদণ্ড তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন এবং কারখানা বন্ধের জেরে রফতানি বাণিজ্যে বড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, হাসিনার প্রত্যর্পণ এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দিল্লি-ঢাকা কূটনৈতিক শীতলতার প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক স্বার্থেও। 

আগামী ২০২৬ সালের ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই গুরুত্বপূর্ণ চুক্তির পুনর্নবীকরণ আদৌ মসৃণ হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। 

সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর শেখ হাসিনা সত্যিই ঢাকায় পা রাখেন কি না, এবং তা ঘিরে বাংলাদেশের রাজনীতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন খাতে বয়, এখন সে দিকেই তাকিয়ে গোটা দক্ষিণ এশিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *