•
Home Top-News পুরভোটে বহাল স্থগিতাদেশ! মামলা ফিরতে পারে কলকাতা হাইকোর্টে
Top-Newsকলকাতাদেশ

পুরভোটে বহাল স্থগিতাদেশ! মামলা ফিরতে পারে কলকাতা হাইকোর্টে

Share
কলকাতা পুরসভা
Share

নয়াদিল্লি: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং আসন্ন পুরভোট ঘোষণা সংক্রান্ত আইনি জটিলতায় আপাতত সুপ্রিম কোর্ট থেকেও কোনও স্বস্তি পেল না রাজ্য সরকার। বুধবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। 

ফলে গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পুরভোট ঘোষণার উপর যে স্থগিতাদেশ জারি করেছিল, আপাতত সেটিই বহাল থাকল। শুধু তা-ই নয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলাটি পুনরায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেই ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। 

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যত দিন না এই মামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে, তত দিন পুরভোট স্থগিত থাকবে। আগামী সোমবার, ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

সম্প্রতি রাজ্য সরকার কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনি ভাবে করা হয়েছে। এই অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস। 

হাওড়া পুরসভার ক্ষেত্রেও একই অভিযোগে মামলা করেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। কলকাতা পুরসভার মামলায় গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মূল মামলাটি বিচারাধীন থাকায় এবং সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। হাই কোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

আরও পড়ুন : কী ভাবে ১৪৪ থেকে ২০৯? পুরমামলায়  সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য, পরবর্তী শুনানি বুধবার

এর আগে সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, হাই কোর্টের মামলায় ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধিকে চ্যালেঞ্জ করা হয়নি, মূল আপত্তি জানানো হয়েছিল ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। 

তাঁর যুক্তি ছিল, এই পুনর্বিন্যাস রাজ্য সরকারই করেছে এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি। প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ১০ জন আধিকারিক নিয়োগ, ২৮৫টি শুনানির নোটিস জারি, দু’দফায় আপত্তি শোনা এবং সর্বদল বৈঠকের কথাও এজলাসে তুলে ধরেন তিনি।

কিন্তু সোমবারের শুনানিতেই ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাজ্য সরকারের আইনি এক্তিয়ার নিয়ে তীব্র প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন, “কলকাতা পুরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পুরসভার অস্তিত্বই না থাকে, তা হলে সেই পুরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ কী ভাবে পাওয়া সম্ভব? যে সংস্থার অস্তিত্বই নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি ক্ষমতা প্রয়োগ করবে?”

রাজ্যের সেই আইনি অবস্থান ও হাই কোর্টের এক্তিয়ার ঘিরে জটিলতার আবহেই বুধবার সুপ্রিম কোর্ট সরাসরি কোনও হস্তক্ষেপ না করে মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চেই পাঠানোর প্রস্তাব দিল। ফলে এখন সব নজর আগামী সোমবার, ৩০ নভেম্বরের পরবর্তী শুনানির দিকে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *