•
Home Top-News নেটফ্লিক্সে ফওয়াদ-মাহিরার সিরিজ ঘিরে বিতর্ক, ভারতে সম্প্রচার বন্ধের দাবি সংগঠনের 
Top-Newsবিনোদন

নেটফ্লিক্সে ফওয়াদ-মাহিরার সিরিজ ঘিরে বিতর্ক, ভারতে সম্প্রচার বন্ধের দাবি সংগঠনের 

Share
ফওয়াদের সিরিজ ভারতে বন্ধের দাবি, ছবি: সংগৃহীত।
Share

মুম্বই: ওটিটি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে পাকিস্তানি ওয়েব সিরিজ। কিন্তু মুক্তির আগেই তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে  ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’। সিরিজে দেখা যাবে ফওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদের মতো তারকাদের। তবে ভারতে এই সিরিজ বন্ধের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। ইতিমধ্যেই সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। 

ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে এই সিরিজটি তৈরি করা হয়েছে। পাকিস্তানের একাধিক পরিচিত মুখকে এই সিরিজে দেখা গিয়েছে। ফওয়াদ ও মাহিরা ছাড়াও রয়েছেন সনম সঈদ, অহদ রজ়া মীর, ইকরা অজীজ, হানিয়া আমির এবং হমজা অলী অব্বাসী। সিরিজটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। সম্প্রতি সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই ভারতীয় চলচ্চিত্রকর্মীদের সংগঠন ভারতে সিরিজটি বন্ধের দাবি তুলেছে।   

এআইসিডব্লিউএ জানিয়েছে, “সন্ত্রাসবাদের কোনও উদ্‌যাপন হতে পারে না। সবার আগে দেশ।” আরও বলা হয়েছে, “পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সে দেশের সিরিজ, ছবি, গান, পডকাস্ট কিংবা অন্য কোনও ধরনের বিনোদনমূলক বিষয়বস্তুর জায়গা ভারতীয় পর্দায় হতে পারে না।” সংগঠনের দাবি, পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানি বিনোদন জগতের উপর নিষেধাজ্ঞার দাবি উঠেছিল। পরবর্তী সময়ে পহেলগাঁও জঙ্গি হামলার পর সেই অবস্থান আরও কঠোর হয়। 

আরও পড়ুন: বড়দিনে শাহরুখের ‘কিং’-কে টক্কর দেবের! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র প্রথম ঝলক

কী গল্প রয়েছে সিরিজে?

সিরিজটির গল্প ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। সম্পর্কের টানাপড়েন, প্রেম, পারিবারিক সংঘাত এবং অতীতের মানসিক ক্ষত কাটিয়ে ওঠার লড়াই ঘিরেই গল্প। সিরিজ়ের প্রথম ঝলকের পোস্টারে নেটফ্লিক্সের তরফে লেখা হয়েছে, “তিন প্রজন্ম, ছ’টি প্রেমের গল্প এবং একটি প্রশ্ন: আমাদের হৃদয়ে যে ভালবাসা জমা থাকে, তা কি যথেষ্ট?” ট্যাগলাইনে রয়েছে  ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।  

এর আগে ‘হামসফর’ ধারাবাহিকে ফওয়াদ খান ও মাহিরার জুটি দর্শকের প্রশংসা পেয়েছিল। ভারতীয় দর্শকের কাছেও বেশ পরিচিত মুখ ফওয়াদ ও মাহিরা। ‘খুবসুরত’, ‘কপূর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন ফওয়াদ। অন্য দিকে, মাহিরাকে দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ‘রইজ’ ছবিতে। ফলে তাঁদের নতুন সিরিজ দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় দর্শক। কিন্তু বিতর্কের জেরে আদেও সেই সেটি দেখার সুযোগ মিলবে কি না, তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *