সিউড়ি: বেআইনি পাথর খাদান, রাজস্ব তছরুপ এবং ভুয়ো ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) জালিয়াতি মামলায় এ বার সাঁড়াশি চাপে বীরভূমের ‘পাথরসম্রাট’ মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল। জেলা পুলিশ এবং রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি, দুই তরফ থেকেই একযোগে তলবের জেরে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়েছে তাঁর।
বুধবার সকাল ১০টা ১০ মিনিট নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে সিউড়ি থানায় হাজিরা দেন টুলু। প্রায় আড়াই ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেলা ১টা নাগাদ থানা থেকে বেরোন তিনি। তবে এখানেই রেহাই মেলেনি। এদিন দুপুর দেড়টা নাগাদ পুরনো একটি মামলায় বীরভূমেরই মহম্মদবাজার থানায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতো তিনি সেখানেও যান।
অন্য দিকে, বিধাননগরের নারায়ণপুর এলাকায় ৫ কোটি টাকা উদ্ধারের তদন্তে বুধবারই কলকাতার ভবানীভবনে সিআইডি দফতরে তলব করা হয়েছিল টুলুকে। কিন্তু তিনটি কারণ দেখিয়ে এ দিন ভবানীভবনের হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।
গত কয়েক দিনে এই নিয়ে তিন বার সিউড়ি থানায় তলব করা হল টুলু মণ্ডলকে। গত শুক্রবার প্রথম বার তাঁকে প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পর মঙ্গলবার ফের ডেকে পাঠিয়ে টানা ন’ঘণ্টা জেরা করা হয়।
বুধবার সকালে ফের আড়াই ঘণ্টা পুলিশি প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এ দিন সিউড়ি থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টুলু বলেন, “আমি আইনকে সম্মান করি বলেই প্রত্যেকটি তলবে হাজিরা দিচ্ছি। আগেও ডেকেছে, এসেছি। আবার ডাকলে আবার আসব।”
আরও পড়ুন : রাজ্যে বাড়ছে বাসভাড়া! কী বলছেন পরিবহণমন্ত্রী?
যদিও এর আগে প্রথম দিনের হাজিরার পর পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। টুলুর দাবি ছিল, তিনি বীরভূম জেলার সর্বোচ্চ করদাতা এবং কোনও কর ফাঁকি দেন না। তা সত্ত্বেও তাঁর ব্যবসায়িক নথিপত্র বাজেয়াপ্ত করায় গত কয়েক দিনে তাঁর প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অন্য দিকে, বুধবার ভবানীভবনে হাজিরা না দেওয়ার নেপথ্যে সিআইডিকে মেল করে তিনটি সুনির্দিষ্ট কারণ জানিয়েছেন টুলুর আইনজীবী সিকান্দর আনসারি। প্রথমত, বীরভূম থেকে কলকাতার দীর্ঘ দূরত্ব, দ্বিতীয়ত, বুধ ও বৃহস্পতিবার বীরভূম জেলারই বিভিন্ন থানায় অন্য মামলায় হাজিরার নির্দেশ এবং তৃতীয়ত, তাঁর শারীরিক অসুস্থতা।
আইনজীবীর দাবি, সিআইডি পরবর্তীতে যে কোনও দিন ডাকলে টুলু অবশ্যই হাজিরা দেবেন। তবে সিআইডি সূত্রে খবর, দিনকয়েক আগে প্রথম দফার জিজ্ঞাসাবাদে ডিসিআর দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সন্তর্পণে এড়িয়ে গিয়েছিলেন টুলু। তাই, তাঁকে ফের নতুন করে নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল জমানায় বীরভূমে বড় বড় সরকারি প্রকল্পের পাথর সরবরাহের বরাত পেতেন এই টুলু মণ্ডলই। রাজস্ব ফাঁকি ও ভুয়ো রসিদ তৈরির অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। টুলু বিদেশে থাকাকালীনই চার্জশিটে তাঁকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল।
পরবর্তীতে তাঁর ম্যানেজার মিনার মণ্ডল ও ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধারের পর তদন্তে নতুন গতি আসে এবং বেশ কয়েক জন ঘনিষ্ঠকে গ্রেফতার করে পুলিশ। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরতে হয় টুলুকে। শীর্ষ আদালত তাঁকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতা করার কড়া শর্ত দিয়েছে। সেই শর্ত মেনেই এখন পুলিশি জেরার মুখে ঘাম ছুটছে বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ এই পাথর ব্যবসায়ীর।
Leave a comment