কলকাতা: টলিউডে ফের রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর জুটি। প্রায় এক দশকের বিরতি শেষে ‘তাণ্ডব’-এর হাত ধরে একসঙ্গে কাজ করছেন পরিচালক এবং অভিনেত্রী। বড়পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনায় আসছে নতুন ছবি ‘তাণ্ডব’। ছবির নিবেদক রাজ-পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। তারপরই মিমিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শুভশ্রী। দুই অভিনেত্রীর সামাজিক মাধ্যমে আদানপ্রদান করা বার্তা ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।
রাজ চক্রবর্তীর প্রযোজনায় ‘তাণ্ডব’ ছবিতে মিমিকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে। এলোমেলো চুল, পরনে সালোয়ার, পিঠে ব্যাগ। বুকে আগলে রেখেছেন এক দুধের শিশুকে। মুখে আঘাতের চিহ্ন, চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এমনই এক লড়াকু মায়ের অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘দেওয়ালে পিঠ ঠেকলে, তাণ্ডব হবেই!’ স্বাভাবিকভাবেই মিমিকে নতুন অবতারে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।
রাজের ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত শুভশ্রীও। মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘এই সিনেমাটার জন্য আমি ভীষণ উত্তেজিত।’ শুভশ্রীর এই বার্তার উত্তরও দিয়েছেন মিমি। তাঁকে ‘ম্যাডাম প্রোডিউসার’ বলে সম্বোধন করে ভালোবাসা জানিয়েছেন তিনি। ফলে দুই অভিনেত্রীর এই কথোপকথন ঘিরে টলিপাড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: মিমির বিয়েতে দুই শহরে উৎসব! কলকাতা থেকে কালিম্পং, কীভাবে সাজছে বিয়ের আসর?
মিমি-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে আগেও কম চর্চা হয়নি। একটা সময় তাঁদের ব্যক্তিগত সমীকরণে দূরত্ব তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে যে আবার আগের মতো সবকিছু ঠিক হতে শুরু করেছে, তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন সময়ে। ইউভান ও ইয়ালিনীর জন্মের পর মিমি তাঁদের জন্য উপহার পাঠিয়েছিলেন। আবার মিমির জন্মদিনে ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন শুভশ্রী। ২০২৫ সালে একটি বিজ্ঞাপনী কাজেও দুই অভিনেত্রীকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীমহলও।
অন্যদিকে, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই বাগদান এবং অন্যান্য মাঙ্গলিক পর্ব সেরে ফেলা হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় আয়োজিত হবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। এরপর ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে রয়েছে তিন দিনের বিশেষ আয়োজন। ফলে মিমির ব্যক্তিগত জীবন থেকে নতুন ছবি, সবকিছু ঘিরেই কৌতূহলী অনুরাগীরা।
Leave a comment