কলকাতা: ‘বিগ বস বাংলা’ শেষ হতে এখনও বেশ কিছুটা দেরি। কিন্তু তার আগেই বাড়ির অন্দরমহলে জমে উঠেছে প্রেম, অভিমান আর সম্পর্কের টানাপড়েন। জিতু কমল ও সৃজলা গুহর সমীকরণ নিয়েই দর্শকের কৌতূহল এখন তুঙ্গে। জিতু বারবার সৃজলাকে নিজের ভালবাসার কথা জানাচ্ছেন। কিন্তু সৃজলার অবস্থান স্পষ্ট। বন্ধুত্ব রয়েছে, কিন্তু এর থেকে বেশি কিছু নেই বলেই জানিয়েছেন তিনি। আর সৃজলা এই উত্তরেই অভিমানে কার্যত ভেঙে পড়লেন জিতু। খাওয়াদাওয়া বন্ধ করে মেঝেতে শুয়ে রইলেন। অন্য দিকে, জিতুর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন সৃজলাও।
বেশ কয়েক দিন ধরেই বিগ বসের বাড়িতে সৃজলাকে ভালবাসার কথা জানাচ্ছেন জিতু। কিন্তু অভিনেত্রীর কাছ থেকে সম্মতি মেলেনি। সৃজলার জীবনে শন ব্যানার্জির সঙ্গে সম্পর্কের সমীকরণও রয়েছে। সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জিতু। এদিন সকাল থেকেই জিতুর আচরণে অভিমান স্পষ্ট হয়ে ওঠে। কারও সঙ্গে কথা বলছিলেন না। খাওয়াদাওয়া বন্ধ করে মেঝেতে শুয়ে থাকেন। পরিস্থিতি বুঝতে পেরে তাঁর কাছে যান সৃজলা। অভিনেত্রী তাঁকে বুঝিয়ে বলেন, “তোমাকে ছাড়া পারব? পারব না। এই বাড়িতে যতটুকু ভাল আছি, তোমার জন্য।”
আরও পড়ুন: বক্স অফিসে রেকর্ড ‘রামায়ণ’-এর! রণবীরের ‘রাম’-এ মুগ্ধ অমিত শাহ
কিন্তু তাতেও জিতুর অভিমান কমেনি। অভিনেতার পাল্টা বক্তব্য, সৃজলা তাঁকে ভালবাসেন ঠিকই, তবে সেই ভালবাসা প্রেমের নয়। বোঝাতে গিয়ে উদাহরণ টেনে জিতু বলেন, “মানুষ তো গরু, ছাগলকেও আদর করে। কিন্তু ঘরে ঢোকায় না।” এরপরেই নিজের মনের কথা জানাতে সৃজলা কনফেশন রুমে যান। বিগ বসের সামনে তিনি বলেন, “ভালবাসি, নিশ্চয়ই ভালবাসি, কিন্তু বন্ধু হিসেবে। কেয়ার করি।” অভিনেত্রী আরও জানান, তাঁর জীবনে ইতিমধ্যেই একজন রয়েছেন। সেই সম্পর্কের ভবিষ্যৎ কী, তা নিয়ে নিজেও নিশ্চিত নন তিনি। তবে জিতুকে কোনও মিথ্যা আশা তিনি দেবেন না।
এরপর নিরঞ্জনের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সৃজলা। তাঁর মনে হতে থাকে, তাঁর জন্যই দু’জনের জীবন জটিল হয়ে উঠছে। যদিও নিরঞ্জন তাঁকে বুঝিয়ে অনেক কিছু বলেন। অন্যদিকে, সৃজলার কান্নার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন জিতু। জিতুর অভিমান, সৃজলা কেন তাঁর কাছেই সব কথা খুলে বললেন না? কেন তাঁর জীবনে অগ্রাধিকারের জায়গাটা পেলেন না তিনি? বন্ধুত্বের সম্পর্কেও কি তবে কোথাও দূরত্ব তৈরি হচ্ছে?
Leave a comment