কলকাতা: উচ্চ প্রাথমিকে ১ হাজার ৬০০টি ‘সুপার নিউমেরারি’ বা অতিরিক্ত পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে রাজ্যের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০১৬ সালের উচ্চমাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য তৎকালীন রাজ্য সরকার এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। ‘সুপার নিউমেরারি পোস্ট’ তৈরি করে মোট ১,৬০০টি পদে নিয়োগের পরিকল্পনা করা হয়। তবে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা হয়। ২০২৩ সালের এপ্রিলে বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ ওই পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। পাশাপাশি তৎকালীন মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল আদালত। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়। শীর্ষ আদালত সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিলেও অতিরিক্ত শূন্যপদ তৈরির সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি।
এরই মধ্যে রাজ্যে সরকার বদলের পর নতুন সিদ্ধান্ত নেওয়া হল। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়, পূর্বতন সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সুপার নিউমেরারি পদে নিয়োগের প্রক্রিয়া আর চালানো হবে না। বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
বিষয় : Calcutta High Court

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন