প্রধানমন্ত্রীর ভিডিও সরানোর ঘটনায় বিতর্ক থামার আগেই নতুন মোড়। কেন্দ্রের চাপে পরে শেষ পর্যন্ত ক্ষমা চাইল মেটা। সংস্থার প্রধান মার্ক জুকারবার্গ প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরানোর ঘটনায় প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করেছে মেটা। পাশাপাশি ইনস্টাগ্রাম-সহ সংস্থার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘চাইল্ড পর্নে’র মতো নানা আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার বিষয়েও দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে সংস্থা। প্রসঙ্গত, গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সেলফি ভিডিও প্রকাশ করেছিলেন, যা মূলত ছিল জেন-জি পড়ুয়াদের উদ্দেশ্যে। পরে সেই ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান নিশীকান্ত দুবে জানান, এমন ঘটনার দায় মেটাকেই নিতে হবে। প্রয়োজন হলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপও বিবেচনা করা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ভারত সরকারের কড়া অবস্থানের পরই মেটার তরফে জানানো হয়, ভিডিওটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। সংস্থার দাবি, পরে সেটি পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারত মেটার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ফলে এই বিতর্কের প্রভাব সংস্থার ভাবমূর্তিতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বিষয় : PM Modi Meta Mark Zuckerberg

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন