হুগলি: কাজের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলির কোন্নগরে। শুধু শারীরিক নির্যাতনই নয়, ঘটনার পর মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে মোটা টাকার টোপ দেওয়ারও অভিযোগ উঠেছে। বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই যুবতী কাজের সন্ধানে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে কোন্নগরের কানাইপুরের একটি বাড়িতে রঙের কাজের জন্য আসতে বলা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই বাড়িতে পৌঁছনোর পর সেখানে কাজ করা দুই কল মিস্ত্রি বেরিয়ে যেতেই ফাঁকা বাড়িতে তাঁকে একা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার স্পষ্ট বক্তব্য, নির্যাতনের পর টাকা নিয়ে ঘটনাটি চেপে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি সম্মানের সঙ্গে আপস না করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পরই ফোনে স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। এরপর তাঁর স্বামী কানাইপুরে পৌঁছে তাঁকে চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে এই মর্মান্তিক ঘটনার পরও সরকারি হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছেন দম্পতি। তাঁদের দাবি, সন্ধে সাড়ে ৬টা থেকে দীর্ঘক্ষণ তাঁদের বসিয়ে রাখা হয় এবং রাত ৯টার আগে ডাক্তার আসবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। চিকিৎসকের অনুপস্থিতির কারণে দীর্ঘ সময় পর নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। এদিকে ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন