পূর্ব বর্ধমান: ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। একজনকে বাঁচাতে গিয়ে আরও দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মনোজ মিত্র ও আদরী মিত্র। মনোজের স্ত্রী সাথী মিত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই বাড়িতে দুই পরিবার থাকেন। বাড়িটির দোতলার ছাদে নির্মাণকাজ চলছিল। পাশাপাশি বিদ্যুতের লাইনেরও কাজ চলছিল। গত কয়েক দিন ধরে বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। অভিযোগ, কোনওভাবে একটি বিদ্যুতের তার কাপড় মেলার তারের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে কাপড় মেলার তারটিও বিদ্যুৎবাহী হয়ে ওঠে। মঙ্গলবার সকালে সাথী মিত্র ছাদে যান। কাপড় মেলার তার ধরতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে না পেরে তাঁকে উদ্ধার করতে ছুটে যান তাঁর দেওর মনোজের স্ত্রী আদরী মিত্র। তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ছাদে দু’জনকে পড়ে থাকতে দেখে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন মনোজ মিত্র। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। পরে স্থানীয়রা ঘটনাটি বুঝতে পেরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করেন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা মনোজ মিত্র ও আদরী মিত্রকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন সাথী মিত্র। দুই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।
বিষয় : Accident Purba Bardhaman Raina

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন