পূর্ব মেদিনীপুরঃ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গেলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি স্পিডবোটে করে বিস্তীর্ণ এলাকা ঘুরে পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।
পটাশপুর থানার আমগাছিয়া বাংলোয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। নদীর জলস্তর বৃদ্ধি, জলবন্দি এলাকা এবং জলনিকাশি নিয়ে একাধিক সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন তাঁরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা। এরপর কেলেঘাই নদীর আশপাশের পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, নদীর স্বাভাবিক গতিপথে কোনওরকম বাধা বরদাস্ত করা হবে না। দখল করে তৈরি হওয়া অবৈধ নির্মাণ দ্রুত সরিয়ে নিতে হবে। তা না হলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং প্রয়োজনে বুলডোজার চালিয়ে নির্মাণ ভেঙে দেওয়া হবে। কেলেঘাই নদীর দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসন এবার কী পদক্ষেপ করে, সেদিকেই নজর স্থানীয়দের।
এদিন কাজলাগড় হাই স্কুলের ত্রাণশিবিরেও যান অগ্নিমিত্রা। সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের পরিস্থিতির খোঁজ নেন। তাঁদের সমস্যাগুলিও শোনেন তিনি। একইসঙ্গে এই কঠিন পরিস্থিতিতে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন