হায়দরাবাদঃ চাকরির বাজারে ফের ছাঁটাইয়ের ধাক্কা! এবার জোম্যাটোর সিদ্ধান্তে হায়দরাবাদের প্রায় ২৪০ কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত। গ্রাহক সহায়তা বিভাগের কাজ আউটসোর্স করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ফলে চলতি মাস থেকেই ওই কর্মীদের চাকরি নাও থাকতে পারে বলে খবর।
নতুন ব্যবস্থায় হায়দরাবাদের আলাদা টিম আর থাকছে না। গুরুগ্রামে ‘ইটারনাল’-এর অফিস থেকেই একটি টিমের মাধ্যমে গ্রাহক সহায়তার কাজ চালানো হবে। আর তাই হায়দরাবাদের প্রায় ২৪০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে চাকরি হারালেও সংশ্লিষ্ট কর্মীদের জন্য কিছু সুবিধা থাকছে। আগস্ট মাসের বেতনের পাশাপাশি চার মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে বলে খবর। এর মধ্যে নোটিশ পিরিয়ডের বেতন এবং এককালীন বিশেষ অনুদানও থাকবে। এছাড়াও, ২০২৭ সালের মার্চ পর্যন্ত চিকিৎসা বিমা এবং কাউন্সেলিং বা মানসিক সহায়তার সুবিধাও পাওয়ার কথা রয়েছে তাঁদের।
গত বছর জোম্যাটোয় জুনিয়র স্তরে প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। তবে জোম্যাটোর এই সিদ্ধান্তকে শুধু একটি সংস্থার কর্মী ছাঁটাই হিসেবে দেখছেন না অনেকে। মাইক্রোসফট, আমাজন এবং মেটার মতো প্রযুক্তি সংস্থাগুলিও চলতি বছরে বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যত বাড়ছে, ততই কমছে কিছু প্রচলিত কাজের প্রয়োজনীয়তা। একই সঙ্গে সংস্থাগুলি খরচ কমাতে আউটসোর্সিং এবং অটোমেশনের দিকে ঝুঁকছে। ফলে কর্মীদের মধ্যে বাড়ছে চাকরি হারানোর আশঙ্কাও। জোম্যাটোর ক্ষেত্রে অবশ্য বর্তমান ছাঁটাইয়ের সরাসরি কারণ হিসেবে এআইকে চিহ্নিত করা হয়নি।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন