দিঘা: শনি-রবিবার বা ছোট্ট ছুটিতে বাঙালির সবচেয়ে প্রিয় গন্তব্য দিঘা। তবে এবার সমুদ্রের জলে নামার আগে বদলে যাচ্ছে একাধিক নিয়মকানুন! পর্যটকদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ নয়া ভাবনার কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শনিবার দিঘা স্টেট জেনারেল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, এবার থেকে দিঘার সমুদ্রে আর শাড়ি বা সালোয়ার কামিজ পরে স্নানে নামা যাবে না।
স্বাস্থ্যমন্ত্রীর মতে, সপ্তাহের শেষে বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমান এবং শাড়ি বা সালোয়ার কামিজ পরে জলে নামার ফলে প্রায়শই দুর্ঘটনার ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। সেই কারণেই সুইমসুট কিংবা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সুইমসুটে কারও অসুবিধা থাকে, তবে শাড়ি বা সালোয়ারের ক্ষেত্রে বাধ্যতামূ্লকভাবে উজ্জ্বল বা ফ্লুরোসেন্ট রঙ ব্যবহার করতে হবে, যাতে দূর থেকেও পর্যটকদের সহজে চিহ্নিত করা সম্ভব হয়। শুধু তা-ই নয়, দুর্ঘটনা এড়াতে পর্যটকদের মাথায় ফ্লুরোসেন্ট ক্যাপ পরা এবং সমুদ্রতটের প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত লাইফগার্ড মোতায়েন করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে সৈকত শহরে নেশা জাতীয় দ্রব্যের বেপরোয়া ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ডাবের ভেতরে মদ বিক্রি কিংবা মদ্যপ অবস্থায় সমুদ্রে নামার ঘটনা বন্ধ করতে স্থানীয় বিধায়ক ও পুলিশকে নজরদারির আর্জি জানান মন্ত্রী। পাশাপাশি, পর্যটকদের দ্রুত চিকিৎসার জন্য দিঘায় রাজ্য বাজেটের আওতায় একটি ট্রমা কেয়ার সেন্টার এবং বার্ন কেয়ার ইউনিট গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি, যেখানে জলে ডোবা বা অগ্নিকাণ্ডের মতো যে কোনো বিপদে তাৎক্ষণিক আধুনিক চিকিৎসা পাওয়া যাবে।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন