দিল্লিঃ সুপ্রিম কোর্টের নির্দেশে বড় স্বস্তি ককরোচ জনতা পার্টির সমর্থকদের। ২০ থেকে ২৫ জুলাইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে ওই সময়ের আন্দোলনে অংশ নেওয়া বহু পড়ুয়ার বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া এবার বন্ধ হতে চলেছে। তবে, দিল্লি পুলিশ যে ২৮৭৩ জনের বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড থাকার কথা জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে দায়ের মামলা চালিয়ে যাওয়া যাবে বলে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট।
ঘটনার সূত্রপাত ২০ জুলাই। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ পাঁচ দফা দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সংসদ অভিযানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দিল্লি-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের আলোচনাও হয়। আন্দোলন প্রত্যাহারের অন্যতম শর্ত হিসেবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছিল ককরোচ পার্টি। কিন্তু পরে অভিযোগ ওঠে, প্রতিশ্রুতি সত্ত্বেও বেশ কিছু মামলা প্রত্যাহার করা হয়নি। এই পরিস্থিতিতেই ফের আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ককরোচ পার্টি। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দিল্লি পুলিশের পাশাপাশি অসম, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ পুলিশও জুলাইয়ের বিক্ষোভ সংক্রান্ত মামলাগুলি প্রত্যাহারের আর্জি জানায়। পশ্চিমবঙ্গের তরফে মোট আটটি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল।
শীর্ষ আদালতের নির্দেশে এবার সেই মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হল। একই ঘটনার ভিত্তিতে ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে নতুন করে আর মামলা করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পরই ৫ সেপ্টেম্বরের প্রস্তাবিত প্রতিবাদ মিছিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত ওই কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন