কলকাতা: খাস কলকাতার বুকে ফের ‘সফট টার্গেট’ একাকী প্রৌঢ়া। দীর্ঘদিনের বিশ্বস্ত পরিচারকের হাতেই নির্মম অত্যাচারের শিকার হতে হলো উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডের এক বৃদ্ধা বাসিন্দাকে। বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে একাকী থাকার সুযোগ নিয়ে শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় ঘরে ঢোকে সঞ্জয় ঘোষ নামের ওই পুরনো পরিচারক। প্রথমে কুশল বিনিময়ের অজুহাতে ঘরে ঢুকে দরজা আটকে দেয় সে; এরপর রান্নাঘর থেকে ধারালো ছুরি এনে প্রৌঢ়ার গলায় ধরে। প্রৌঢ়ার আর্তচিৎকার যাতে প্রতিবেশীদের কানে না পৌঁছায়, সেজন্য ঘরের টিভির শব্দ চরম মাত্রায় বাড়িয়ে দেয় অভিযুক্ত। এরপর গলায় ছুরি ঠেকিয়ে বৃদ্ধার গা থেকে সোনার হার, কানের দুল এবং কোমর থেকে চাবি ছিনিয়ে নিয়ে আলমারি খুলে নগদ প্রায় ৭০ হাজার টাকা লুঠ করে। সর্বস্ব খুইয়ে প্রৌঢ়া ফের চিৎকার করার চেষ্টা করতেই তাঁর গলায় চামড়ার বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে সঞ্জয় এবং ছটফট করতে থাকলে মুখে বালিশ চেপে ধরে খুনের চেষ্টা চালায়। একপর্যায়ে প্রৌঢ়া প্রায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে লুঠের সমস্ত সামগ্রী নিয়ে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে চম্পট দেয় সে। দীর্ঘ কয়েক ঘণ্টা অচৈতন্য অবস্থায় রক্তাক্ত পড়ে থাকার পর পরিবারের অন্যান্যদের নজরে এলে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তাঁর দেওয়া বয়ানের ভিত্তিতে জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পরিচারককে ধরতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জোর তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন