বসিরহাট: অ্যাসিড হামলার ঘটনায় বড় সাজা! তরুণীর উপর হামলার মামলায় তিন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বসিরহাটের ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনার ১৯ মাসের মধ্যেই মিলল রায়। এছাড়াও তিনজনের প্রত্যেককে ২ লক্ষ ৬০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১১ জানুয়ারি। মাটিয়া থানার চাক ফরাসতপুরের কাছে একটি বাইকে চেপে এসে তরুণীর উপর অ্যাসিড হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম হন ওই তরুণী। ঘটনার তদন্তে নেমে হেজবুল গাজী, রাজিবুল সরদার ও শফিকুল সরদারকে গ্রেফতার করে পুলিশ। তিনজনই বসিরহাটের বাসিন্দা। ঘটনার তিন মাসের মধ্যেই তাঁদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে জেলা পুলিশ। এরপর চার্জশিট জমা দেওয়ার ১৬ মাসের মধ্যেই মামলার রায় ঘোষণা করল বসিরহাট ফাস্ট ট্র্যাক কোর্টের দ্বিতীয় আদালত। তিন অভিযুক্তের মধ্যে হেজবুল গাজীর বয়স ৫০ বছর। রাজিবুল সরদারের ৩১ ও শফিকুল সরদারের ২৪ বছর। আদালতে তিনজনকেই দোষী সাব্যস্ত করা হয়। এরপর বৃহস্পতিবার তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক।
এই মামলার তদন্ত করেন এলএসআই পায়েল বিশ্বাসের নেতৃত্বাধীন তদন্তকারী দল। দ্রুত ও নির্ভুল তদন্তের জন্য তদন্তকারী দলকে প্রশংসা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আদালতে আইনজীবী শেখ শাহজাহান মণ্ডল জোরালো সওয়াল করেন। তাঁর যুক্তির পরিপ্রেক্ষিতেই তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।
বিষয় : Basirhat Acid Attack

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন