ভাঙড়ঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। কিন্তু মাস পাঁচেকের মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। সোশাল মিডিয়ায় পোস্ট করে আইএসএফ ছাড়ার কথা জানিয়ে দিলেন তিনি।
তিনি লেখেন, "আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপরে অত্যাচার-অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম।" তৃণমূলের সঙ্গে আরাবুলের রাজনৈতিক সম্পর্ক বরাবরই ওঠানামায় ভরা। ভাঙড়ে দীর্ঘদিন দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। একসময় কলেজের এক শিক্ষিকার দিকে জগ ছোড়ার অভিযোগে দল থেকে বহিষ্কৃতও হতে হয়েছিল তাঁকে। তবে দলে প্রত্যাবর্তনের পর ভাঙড় ও সংলগ্ন এলাকায় ফের সক্রিয় হয়ে ওঠেন আরাবুল।
পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন আরাবুল। পরে জামিনে মুক্ত হয়ে সমর্থকদের নিয়ে ভাঙড়ে ফেরেন তিনি। এরপর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে কোণঠাসা হওয়ার অভিযোগ তুলে দল ছাড়েন আরাবুল। এরপরই নওশাদ সিদ্দিকির আইএসএফে যোগ দেন তিনি। কিন্তু সেই রাজনৈতিক সমীকরণও টিকল মাত্র কয়েক মাস। তবে কি আবার তৃণমূলেই ফিরবেন তিনি? নাকি সক্রিয় রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন? আরাবুলের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
বিষয় : Bhangar Bengal Politics Arabul Islam

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন