স্বাধীনতার মাসে বদলের বাংলায় প্রথমবার পালিত হতে চলেছে কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কয়েক বছর আগে এই অভিযান শুরু হয়েছিল। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবার এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিকেলে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল পদযাত্রায় নেতৃত্ব দেন। গোটা রাস্তাজুড়ে ছিল ত্রিবর্ণ পতাকার ঢেউ। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ রাজ্যের একাধিক নেতা ও মন্ত্রী। হাজরা মোড়ে পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত এই পদযাত্রার মাধ্যমে বাংলায় ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সূচনা হল। এত মানুষের অংশগ্রহণে তিনি আপ্লুত বলেও জানান। পাশাপাশি ১০ আগস্ট নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে আরও একটি বৃহৎ ‘তেরঙ্গা যাত্রা’র ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান ‘দিল সে তেরঙ্গা, পেয়ার সে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা’- কে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন। তাঁর দাবি, এই উদ্যোগের লক্ষ্য জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা আরও শক্তিশালী করা। এর আগে দিনভর ভবানীপুরেই ব্যস্ত ছিলেন শুভেন্দু অধিকারী। দুপুরে তিনি স্থানীয় গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করেন। গেরুয়া পাগড়ি ও সাদা পাঞ্জাবি-পাজামা পরে গুরুদ্বারে ‘লঙ্গর’-এ সেবার কাজেও অংশ নেন। পরে সকলের সঙ্গে বসে প্রসাদও গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, ভবানীপুরের বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের সেবা করাই তাঁর দায়িত্ব।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন