কলকাতা: বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক অমূল্য গ্রন্থ এখনও ফেরত আসেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থেকে। রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং একটি ‘সঞ্চয়িতা’ সহ মোট ১৯টি বই দীর্ঘদিন আগে তিনি পড়ার জন্য ইস্যু করিয়েছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে গেলেও খাতায়-কলমে সেই বইগুলি লাইব্রেরিতে এখনও জমা পড়েনি। ফলে হিসেব মেলাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বিধানসভা গ্রন্থাগারের কর্মীরা।
শিল্প ও সাহিত্যচর্চার প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরাগের কথা সর্বজনবিদিত হলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর বিধায়ক পদ না থাকায় নিয়মানুযায়ী বইগুলি ফেরত দেওয়া বাধ্যতামূলক ছিল। লাইব্রেরি কর্মীরা এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, বইগুলি তাঁর বাড়ি বা ব্যক্তিগত হেফাজতে নেই, সেগুলি রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট সরকারি চেম্বারে— যা বর্তমানে শুভেন্দু অধিকারীর অধীনে। কিন্তু প্রশাসনিক নিয়মের গেরোয় গ্রন্থাগারের কর্মীরা সরাসরি বর্তমান মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে বই সংগ্রহ করতে পারছেন না, যার জন্য প্রয়োজন বিশেষ অনুমতি। একই রকম জটিলতা তৈরি হয়েছে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা ১২টি বই ও নথি নিয়েও, যেগুলি স্পিকারের দফতরে রয়ে গিয়েছে বলে জানা গেছে। তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সদ্যপ্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি পরিবর্তনের পরেই সহযোগীকে পাঠিয়ে নিজের সব ইস্যু করা বই লাইব্রেরিতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন