হুগলিঃ হুগলির সিঙ্গুরে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার ঘিরে চাঞ্চল্য। চন্দননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে তিনি প্রাক্তন কৃষিমন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামিরুলকে এলাকায় ‘বেচারামের লোক’ বলেই অনেকে চেনেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট সংক্রান্ত দুর্নীতি এবং ফ্লাই অ্যাশ দিয়ে সরকারি নিচু জমি ভরাটের মতো একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এই অভিযোগগুলির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে খোঁজ মিলছিল না জামিরুলের। পুলিশ তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পরে একটি সূত্র মারফত খবর আসে, অভিযুক্ত উত্তরাখণ্ডে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শেষ পর্যন্ত জামিরুলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
জানা গিয়েছে, গত জুন মাসে জামিরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশের দাবি। উত্তরাখণ্ডের একটি নিম্ন আদালতে ধৃতকে হাজির করানো হয়। সেখান থেকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে সিঙ্গুরে নিয়ে আসে পুলিশ। সোমবার জামিরুলকে চন্দননগর আদালতে হাজির করানো হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখছে পুলিশ।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন