হালিশহর: কাঁচড়াপাড়ায় পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে উত্তাপ। রবিবারের তুলকালাম কণ্ড ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার পরদিনই, সোমবার সকালে হালিশহরে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁচড়াপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে খবর। পাশাপাশি, হালিশহর থানায় গিয়ে পুলিশের সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই নিহতের বাড়ির সামনে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা বলয়।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মার স্বামী বিরজু কেওটের কাস্টডিয়াল ডেথ নিয়েই এই নজিরবিহীন অশান্তি। পাঁচ দিনের পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিরজুর মৃত্যুর পর, পুলিশের মারে তাঁর মৃত্যু হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন স্ত্রী জেনি। রবিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ও ছেঁড়া চটি ছোড়ার পাশাপাশি ওঠে ‘চোর-চোর’ স্লোগান। এরপরেই রাজ্য সরকার ও পুলিশকে তীব্র নিশানা করে মমতা তোপ দাগেন, “বাংলা লুম্পেনদের হাতে চলে গিয়েছে, পুলিশ লুম্পেনদের প্রোটেকশন দিচ্ছে।” পাল্টা কটাক্ষ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, সাধারণ মানুষ চুরির প্রতিবাদ করেছে মাত্র। তবে তাঁরই মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল প্রতিবাদসূচক হামলাকে সমর্থন না করে প্রশ্ন তোলেন। সব মিলিয়ে কাস্টডি ডেথ এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে হালিশহর ও কাঁচড়াপাড়ায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন