পায়ে ব্যথা হলেই আমরা প্রথমেই ভেবেনি, বেশি হাঁটাহাঁটি হয়েছে, পেশীতে টান পড়েছে আর নয়তো একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফল। কিন্তু সব ধরনের পা ব্যাথার উৎস যে পা তেই থাকবে, এমনটা কিন্তু নয়। অনেক সময় কোমর বা মেরুদণ্ড জনিত সমস্যার কারণেও পায়ে ব্যথা অনুভূত হতে পারে। যেটা মেরুদণ্ড থেকে নেমে কোমর, তারপর উরু পেরিয়ে পায়ের পাতায় প্রসারিত হয়।
এর অন্যতম কারণ হতে পারে সায়টিকা। মূলত কোমরের মেরুদণ্ড বেরিয়ে এসে হিপ ও পায়ের দিকে নেমে গেলে অনেক সময়ই সায়টিকা নার্ভে চাপ বা জ্বালা সৃষ্টি হয়। তখন এই জাতীয় সমস্যা দেখা দেয়।
অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতে, পায়ের ব্যথাকে অনেক সময় শুধু মাত্র পেশীতে টান বলে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ব্যায়াম করা বা বয়স বাড়ার কারণেও ব্যথা হতে পারে। কিন্তু কখনও কখনও এই সমস্যার উৎস পায়ে হয়না, হয় অন্যকোথাও।
কিভাবে বুঝবেন ব্যথা টা সায়টিকার?
সায়াটিকার ব্যথা অনেক সময় সাধারণ পেশির ব্যথার মতো হয় না। কোমর থেকে শুরু হয়ে এই ব্যথা নিতম্ব, উরু পেরিয়ে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। কারও মনে হতে পারে, পায়ের ভিতর দিয়ে যেন বিদ্যুতের ঝটকা যাচ্ছে। আবার কারও ক্ষেত্রে ব্যথার সঙ্গে জ্বালাপোড়াও হতে পারে। শুধু ব্যথা নয়, পায়ে ঝিনঝিন করা, অবশভাব বা দুর্বলতাও দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বাড়তে পারে। এমনকি কাশি, হাঁচি বা হঠাৎ কোনও নড়াচড়াতেও ব্যথা বেড়ে যেতে পারে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ—সায়াটিকা থাকলেই যে কোমরে ব্যথা থাকবে, তা নয়। অনেকের ক্ষেত্রে কোমরের তুলনায় পায়ের ব্যথাই বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
ব্যথা পায়ে, অথচ সমস্যা কোমরে কেন?
এর কারণ সায়াটিক নার্ভ। এটি শরীরের অন্যতম বড় নার্ভ, যা কোমরের নীচের অংশ থেকে বেরিয়ে নিতম্ব হয়ে পায়ের দিকে নেমে গেছে। তাই কোমরের কাছে এই নার্ভে চাপ পড়লে তার প্রভাব পায়ের অনেকটা অংশ জুড়েই অনুভূত হতে পারে। সায়াটিকার একটি সাধারণ কারণ হল হার্নিয়েটেড বা ফুলে যাওয়া ডিস্ক। মেরুদণ্ডের কশেরুকার মাঝখানে থাকা ডিস্ক অনেকটা কুশনের মতো কাজ করে। কোনও কারণে সেই ডিস্ক ফুলে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পাশের নার্ভে চাপ পড়তে পারে। আর সেই চাপ থেকেই কোমর থেকে পা পর্যন্ত ব্যথা বা ঝিনঝিনের মতো সমস্যা তৈরি হয়। এ ছাড়াও বয়স বাড়ার সঙ্গে মেরুদণ্ডে পরিবর্তন, স্পাইনাল ক্যানাল সরু হয়ে যাওয়া, হাড়ের অতিরিক্ত বৃদ্ধি বা চোটের কারণেও সায়াটিক নার্ভে চাপ পড়তে পারে।
তবে পায়ে ব্যথা হলেই যে সেটি সায়াটিকা, এমনটা নয়। পেশি, জয়েন্ট, রক্তনালি কিংবা অন্য কোনও নার্ভের সমস্যাতেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই লক্ষণ দেখে নিজে থেকে রোগ নির্ণয় না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
বিষয় : HEATHTIPS SCIATICAPAIN BACKPAIN AWARENESS PAINRELIEF

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন