কলকাতা: হকার নীতি নিয়ে ফের বিতর্ক। নতুন করে সমীক্ষা করে হকিং ও নন-হকিং জোন চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আগের সরকারের আমলে তৈরি তালিকাকেই কার্যত বহাল রেখেছে কলকাতা পুরসভা। সম্প্রতি পুরসভার জারি করা বিজ্ঞপ্তিতে ১,৮৯২টি রাস্তা ‘নো-ভেন্ডিং জোন’ হিসেবে চিহ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হকার সংগঠনগুলি।
অভিযোগ, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের আমলে কলকাতা পুরসভার ১,৮৯২টি রাস্তার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে ওই রাস্তাগুলিকে প্রস্তাবিত হকারমুক্ত এলাকা হিসেবে দেখানো হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই তালিকা বাতিল করে নতুন করে সমীক্ষা করার কথা বলা হয়েছিল। কিন্তু এখন পুরসভার বিজ্ঞপ্তিতে সেই পুরনো তালিকারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি হকার সংগঠনগুলির। হকার জয়েন্ট অ্যাকশন কমিটির অভিযোগ, কমিটির বৈঠকে কলকাতার বিভিন্ন এলাকায় নতুন করে ‘রি-সার্ভে’ করার সিদ্ধান্ত হয়েছিল। কোন এলাকায় হকার বসবেন এবং কোথায় হকার বসানো যাবে না, তা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই ঠিক করার কথা ছিল। কিন্তু সেই সমীক্ষা শুরু হওয়ার আগেই পুরনো তালিকার ভিত্তিতে ১,৮৯২টি রাস্তা নন-হকিং জোনহিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হকার সংগঠনগুলি। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যে সব হকার নির্দিষ্ট এলাকায় ব্যবসা করছেন, তাঁদের সরানোর আগে আইন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর হকার উচ্ছেদ সংক্রান্ত বিষয় দেখার জন্য ‘স্টেট হকার মনিটরিং কমিটি’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই কমিটি এখনও তৈরি হয়নি বলেও অভিযোগ উঠেছে। হকার সংগঠনগুলির দাবি, নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে তাঁদের আলোচনায় বসা প্রয়োজন। তাদের আরও বক্তব্য, কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্তৃপক্ষের একক সিদ্ধান্তে হকারদের উচ্ছেদ করা উচিত নয়। এদিকে পুজোর আগে কলকাতায় হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছে হকার সংগঠনগুলি। তবে হকার নীতি নিয়ে পুরসভার স্পষ্ট অবস্থান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি উঠছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হকার জয়েন্ট অ্যাকশন কমিটি।
বিষয় : Hawker Eviction Hawker Policy

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন