মালদহঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার হতাশায় আত্মহত্যা? প্রথমে এমনই দাবি উঠেছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল তদন্তের মোড়। গাজোলে এক মহিলার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকেই গ্রেফতার করল পুলিশ। ধৃত ইনজামামুল হকের বিরুদ্ধে বধূ নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
শনিবার সকালে গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ৩২ বছরের অনিতা খাতুন। ঘটনার পর তাঁর এক আত্মীয় এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দাবি করেন, গত তিন মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনিতা। দাবি করা হয়েছিল, স্বামীর সঙ্গে ঝামেলার পরেই তিনি আত্মহত্যা করেন। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, নিজের অপরাধ আড়াল করতেই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার বিষয়টিকে সামনে এনে একটি গল্প তৈরি করেছিলেন ইনজামামুল। সেই কথাই পরে আত্মীয়-পরিজন এবং স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে বলে তদন্তকারীদের দাবি।
মৃতার ভাই আনিসুর আলমের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতেই ইনজামামুলকে গ্রেফতার করে গাজোল থানার পুলিশ। রবিবার তাঁকে মালদহ আদালতে পেশ করা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, অনিতার মৃত্যুর পর তাঁর দেওর সামিরুল রহমান এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মোসারেকুল আনোয়ার দাবি করেছিলেন, অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়াই মৃত্যুর কারণ। তাঁদের বক্তব্য ছিল, আশপাশের পরিবারের মহিলারা এই প্রকল্পের টাকা পেলেও অনিতা বঞ্চিত ছিলেন। তবে এখন সেই দাবির সত্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। পুলিশ খতিয়ে দেখছে, অনিতার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে কি না।
বিষয় : Malda North Bengal Annapurna Yojana

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন