‘ককরোচ’ আন্দোলনকে ঘিরে অচলাবস্থা কাটাতে ফের আলোচনার বার্তা দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, গত ২৪ ঘণ্টার মধ্যেই অন্তত চারবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের দাবি, প্রতিনিধিরা যখন এবং যেখানে চাইবেন, সেখানেই আলোচনায় বসতে প্রস্তুত কেন্দ্র।
জিতেন্দ্র সিং বলেন, “সরকারের কোনও অহংকার নেই। কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার বাসভবন, অফিস বা আন্দোলনকারীদের সুবিধাজনক যে কোনও জায়গায় বৈঠক হতে পারে। আমি এবং জে.পি. নাড্ডা আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনার মাধ্যমেই ধাপে ধাপে সমস্যার সমাধান সম্ভব। পড়ুয়াদের স্বার্থে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। আমরা সবাইকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি।” উল্লেখ্য, সোমবার ‘ককরোচ’ প্রতিনিধিদের সঙ্গে জে.পি. নাড্ডার বৈঠক হলেও তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। এদিকে সংসদে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনার বিষয়েও কেন্দ্র নমনীয় অবস্থান নিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেন, “বিরোধীরা যে দিন, যে পদ্ধতিতে এবং যতক্ষণ আলোচনা করতে চান, সরকার তাতেই রাজি। কিন্তু অযথা শর্ত বা অজুহাত দিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া উচিত নয়।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছুই নয়। তাঁদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করবে না সরকার।” পাশাপাশি নিট-সহ প্রশ্নফাঁসের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন