মুম্বই: সুরাপ্রেমীদের প্রিয় ওল্ড মঙ্ককে আর 'রাম' হিসেবে বাজারে বিক্রি করা যাবে না! জনপ্রিয় এই ব্র্যান্ডের ওপর কড়া অবস্থান নিল দেশের খাদ্য ও পানীয় নিয়ামক সংস্থা 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI)। বোম্বে হাই কোর্টে এফএসএসএআই-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল পণ্যটির বাহ্যিক লেবেলিং নয়, ওল্ড মঙ্কের উপাদান ও তৈরির নিজস্ব গঠনশৈলী নিয়েও মারাত্মক গাফিলতি রয়েছে। ফলে সাধারণ বাজারে এটিকে আর সরাসরি ‘রাম’ হিসেবে বিক্রি করার অনুমতি দেওয়া যায় না।
আদালতে নিয়ামক সংস্থার কাউন্সিল জানান, আসল রাম তৈরির যে ঐতিহ্যবাহী পদ্ধতি ও নিজস্ব স্বাদ-গন্ধ রয়েছে, তা না মেনে উল্টে 'নিউট্রাল স্পিরিট' এবং কৃত্রিম ফ্লেভার মিশিয়ে এই পানীয়তে নকল স্বাদ তৈরি করা হচ্ছে। তাই নিয়ামক সংস্থার নির্দেশ, বোতলের গায়ে আর কেবল ‘রাম’ লেখা যাবে না, বরং পরিষ্কার করে লিখতে হবে এটি আসলে একটি ‘রাম ফ্লেভারের স্পিরিট’। এদিকে এই কড়া নির্দেশের পর ওল্ড মঙ্কের প্রস্তুতকারী সংস্থা ‘মোহন মিকিন’ ইতিমধ্যেই সংশোধিত একটি নতুন লেবেল আদালতের কাছে জমা দিয়েছে। এফএসএসএআই জানিয়েছে, তারা ওই পরিবর্তিত লেবেলটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তা মান্যতা পাবে কি না।
শুধু স্বাদ কিংবা উপাদানই নয়, ওল্ড মঙ্কের অন্যতম জনপ্রিয় ভ্যারিয়্যান্ট ‘ওল্ড মঙ্ক XXX রাম’-এর বোতলে লেখা ‘৭ বছরের পুরনো ব্লেন্ডেড’ দাবিটিকেও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভুয়ো বলে দাবি করেছে এফএসএসএআই। সংস্থার মতে, ওই মিশ্রণটিতে মাত্র ৫ শতাংশের কম পরিপক্ব রাম ব্যবহার করা হয়েছে, বাকি পুরোটাই নিউট্রাল স্পিরিট। নিয়ম অনুযায়ী, মিশ্রণে ব্যবহৃত সবচেয়ে কম বয়সি উপাদানটির ওপর ভিত্তি করেই পণ্যের বয়স বা ‘এজ স্টেটমেন্ট’ উল্লেখ করতে হয়। একই ধরনের কৃত্রিম ফ্লেভার ও নিউট্রাল স্পিরিট ব্যবহারের অভিযোগ উঠেছে আরও বেশ কিছু জনপ্রিয় পানীয় ব্র্যান্ডের বিরুদ্ধেও। পানীয়ের বাজারে জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সংস্থার এই অভূতপূর্ব কড়াকড়িতে এখন জোর চাঞ্চল্য সুরাপ্রেমীদের মহলে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন