কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা হাই কোর্টে পৌঁছে যান তিনি। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রের জয়কে আইনি কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি ইলেকশন পিটিশন দাখিল করেন এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ হলফনামাও জমা দেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের নজিরবিহীন ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয় বার হাই কোর্টের চত্বরে পা রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যা ঘিরে আইনি অলিন্দ থেকে শুরু করে বাংলার রাজনৈতিক মহলে নতুন করে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
এর আগে গত ১৪ মে ভোট-পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে প্রথমবার হাই কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেবার আইনজীবীদের একাংশের তুমুল বিক্ষোভ ও এজলাস থেকে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান ওঠার মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই তিক্ত অভিজ্ঞতার ঠিক এক মাসের মাথায়, ১৬ জুন ফের হাই কোর্টে হাজির হলেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে পৌঁছতেই আশপাশে উপস্থিত সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়। তাঁর সঙ্গে এদিন আদালতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেনও। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও হলফনামা দাখিলের কাজ সেরে অবশ্য দ্রুত গাড়িতে উঠে আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান তিনি।
এবারের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাস্ত হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বাংলার কুর্সিতে বসেন শুভেন্দু। তবে এই পরাজয়কে যে তৃণমূল নেত্রী সহজে মেনে নিচ্ছেন না, তা আদালতের দরজায় কড়া নাড়াতেই স্পষ্ট। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দুর কাছে হারের পর গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা, যা এখনও বিচারাধীন। এবার ২০২৬-এর ভবানীপুরের ফল নিয়েও একই পথে হাঁটলেন তিনি। গত ৪ মে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে ভোটগণনার বেশ কয়েক রাউন্ড বাকি থাকতেই ‘একতরফা গণনা’ ও ‘ভোটলুটের’ অভিযোগ তুলে কেন্দ্র ছেড়েছিলেন মমতা। এবার সেই সমস্ত অভিযোগকেই আইনি হাতিয়ার করে নতুন মুখ্যমন্ত্রীর আসনকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল নেত্রী।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন