Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কুয়োর গভীরে ছটফট করছে সন্তান, শুঁড় বাড়িয়েও পেল না নাগাল! ঝাড়গ্রামে মা-হাতির চোখের সামনেই মর্মান্তিক পরিণতি

কুয়োর গভীরে ছটফট করছে সন্তান, শুঁড় বাড়িয়েও পেল না নাগাল! ঝাড়গ্রামে মা-হাতির চোখের সামনেই মর্মান্তিক পরিণতি
ছবি সংগৃহীত

ঝাড়গ্রাম: কুয়োর অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে নিজের সন্তান, আর পাড়ে দাঁড়িয়ে ছটফট করছে এক অসহায় মা! শুঁড় বাড়িয়ে বারবার তাকে ছোঁয়ার চেষ্টা করলেও মিলল না নাগাল। অগত্যা কুয়োর ধারেই ঠায় বসে রইল মা-হাতি। কিন্তু সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষরক্ষা আর হলো না। বৃহস্পতিবার সকালে এক গভীর পাতকুয়োয় পড়ে গিয়ে শেষপর্যন্ত মর্মান্তিক মৃত্যু হলো এক হস্তি শাবকের। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি অঞ্চলের বাছুরখোঁয়াড় গ্রামে প্রকৃতির এই করুণ ও হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি খোদ গ্রামবাসী থেকে শুরু করে বনকর্মীরাও।


বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে তপোবনের জঙ্গল থেকে দোরখুলির দিক দিয়ে প্রায় ২৫টি হাতির একটি বিশাল দল খাবারের সন্ধানে বাছুরখোঁয়াড় গ্রামে ঢুকে পড়েছিল। রাত তখন প্রায় তিনটে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হাতির দলটি যখন জনবসতির পাশ দিয়ে যাচ্ছিল, তখনই ঘটে চরম বিপত্তি। দলটির মধ্যে থাকা মাত্র দুই-তিন বছরের একটি ছোট্ট হস্তি শাবক আচমকাই পা হড়কে একটি গভীর পাতকুয়োর মধ্যে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে কুয়োর চারপাশে চিৎকার শুরু করে মা-সহ অন্য হাতির দল। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন, একদল হাতি একটি কুয়োকে ঘিরে তুমুল অস্থিরতায় ঘোরাফেরা করছে। খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন চন্দাবিলা রেঞ্জের প্রতাপপুর বিটের বনকর্মীরা।


উদ্ধারকাজ শুরু করতেই প্রথমে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বনকর্মীদের। কারণ সন্তানকে ছেড়ে কিছুতেই সরতে চাইছিল না মা-হাতি। বহু কসরত করে হাতিদের দলটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় আনা হয় জেসিবি মেশিন। পাতকুয়োর একপাশের মাটি কেটে ঢালু রাস্তা তৈরি করে হস্তি শাবকটিকে যখন ওপরে টেনে তোলা হয়, ততক্ষণে সব শেষ। নিথর হয়ে পড়ে রয়েছে ছোট্ট শরীরটা। বন দফতরের এক আধিকারিক জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল এবং শাবকটিকে জীবিত উদ্ধারের সবরকম চেষ্টা করা হয়েছিল। প্রাথমিক অনুমান, কুয়োর পাড় থেকে মাটি ভেঙে ওপর থেকে চাপা পড়ায় তীব্র শ্বাসকষ্টের জেরেই মৃত্যু হয়েছে শাবকটির। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বিষয় : JHARGRAMELEPHANTTRAGEDY ELEPHANTCALFDEATH WILDLIFENEWS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


কুয়োর গভীরে ছটফট করছে সন্তান, শুঁড় বাড়িয়েও পেল না নাগাল! ঝাড়গ্রামে মা-হাতির চোখের সামনেই মর্মান্তিক পরিণতি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
ঝাড়গ্রাম: কুয়োর অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে নিজের সন্তান, আর পাড়ে দাঁড়িয়ে ছটফট করছে এক অসহায় মা! শুঁড় বাড়িয়ে বারবার তাকে ছোঁয়ার চেষ্টা করলেও মিলল না নাগাল। অগত্যা কুয়োর ধারেই ঠায় বসে রইল মা-হাতি। কিন্তু সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষরক্ষা আর হলো না। বৃহস্পতিবার সকালে এক গভীর পাতকুয়োয় পড়ে গিয়ে শেষপর্যন্ত মর্মান্তিক মৃত্যু হলো এক হস্তি শাবকের। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি অঞ্চলের বাছুরখোঁয়াড় গ্রামে প্রকৃতির এই করুণ ও হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি খোদ গ্রামবাসী থেকে শুরু করে বনকর্মীরাও।বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে তপোবনের জঙ্গল থেকে দোরখুলির দিক দিয়ে প্রায় ২৫টি হাতির একটি বিশাল দল খাবারের সন্ধানে বাছুরখোঁয়াড় গ্রামে ঢুকে পড়েছিল। রাত তখন প্রায় তিনটে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হাতির দলটি যখন জনবসতির পাশ দিয়ে যাচ্ছিল, তখনই ঘটে চরম বিপত্তি। দলটির মধ্যে থাকা মাত্র দুই-তিন বছরের একটি ছোট্ট হস্তি শাবক আচমকাই পা হড়কে একটি গভীর পাতকুয়োর মধ্যে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে কুয়োর চারপাশে চিৎকার শুরু করে মা-সহ অন্য হাতির দল। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন, একদল হাতি একটি কুয়োকে ঘিরে তুমুল অস্থিরতায় ঘোরাফেরা করছে। খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন চন্দাবিলা রেঞ্জের প্রতাপপুর বিটের বনকর্মীরা।উদ্ধারকাজ শুরু করতেই প্রথমে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বনকর্মীদের। কারণ সন্তানকে ছেড়ে কিছুতেই সরতে চাইছিল না মা-হাতি। বহু কসরত করে হাতিদের দলটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় আনা হয় জেসিবি মেশিন। পাতকুয়োর একপাশের মাটি কেটে ঢালু রাস্তা তৈরি করে হস্তি শাবকটিকে যখন ওপরে টেনে তোলা হয়, ততক্ষণে সব শেষ। নিথর হয়ে পড়ে রয়েছে ছোট্ট শরীরটা। বন দফতরের এক আধিকারিক জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল এবং শাবকটিকে জীবিত উদ্ধারের সবরকম চেষ্টা করা হয়েছিল। প্রাথমিক অনুমান, কুয়োর পাড় থেকে মাটি ভেঙে ওপর থেকে চাপা পড়ায় তীব্র শ্বাসকষ্টের জেরেই মৃত্যু হয়েছে শাবকটির। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার