আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের বন ও পর্যটন শিল্পকে আরও সুসংহত ও পরিবেশবান্ধব করে তুলতে জলদাপাড়ার এনআইসি-তে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বিশেষ বৈঠক। বনমন্ত্রী মনোজ ওরাওয়ের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী বিশাল লামা, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, বনদফতরের কর্তারা এবং পর্যটন শিল্পের বিভিন্ন স্টেকহোল্ডার।
হলং বাংলোর সংস্কার ও উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পর জলদাপাড়ায় আয়োজিত এই বৈঠকে বন ও পর্যটনের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বিভিন্ন এনজিও প্রতিনিধি, ট্যুর অপারেটর, পর্যটন গাইড, জিপসি মালিক এবং হোটেল ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। নতুন সাফারি রুট চালু করা, পর্যটন পরিকাঠামো উন্নয়ন, হাতি-মানুষ সংঘাত কমানো এবং বনাঞ্চল সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে আলোচনায়।
বৈঠক শেষে বনমন্ত্রী মনোজ ওরাও জানান, বনাঞ্চলে প্রবেশ সংক্রান্ত পূর্ববর্তী সরকারের কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বনাঞ্চলে অনিয়ন্ত্রিত প্রবেশের ফলে পরিবেশ ও বন্যপ্রাণ উভয়েরই ক্ষতি হচ্ছে। তাই পর্যটন ও বন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। মানুষ-হাতি সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা চা বাগান এলাকার ক্ষয়ক্ষতির বিষয়েও সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে জঙ্গলের ভিতরে বা সংলগ্ন এলাকায় অবৈধ রিসর্ট ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
পর্যটন ব্যবসায়ীদের মতে, একসঙ্গে তিন মন্ত্রীর উপস্থিতিতে এমন বৈঠক দীর্ঘদিন পর অনুষ্ঠিত হল। ফলে সরাসরি সরকারের কাছে নিজেদের সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ পেয়ে তাঁরা আশাবাদী।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন