পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ন্যাপথা পাইপলাইন ফেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর থেকে এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। সেই সময় হঠাৎ করেই পাইপলাইন থেকে ন্যাপথা লিক করতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল। তিনি আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। দমকলের প্রাথমিক অনুমান, বজ্রপাতের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিষয় : Fire Accident Haldia

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন