করাচিতে সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলায় চার পাক সেনার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানে বড়সড় সামরিক অভিযান চালাল পাকিস্তান। রবিবার গভীর রাতে আফগানিস্তানের একাধিক প্রদেশে বিমান হামলা চালায় পাক সেনা। পাকিস্তান সরকারের দাবি, এই অভিযানে অন্তত ২৯ জন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক। যদিও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আফগানিস্তানের তালিবান সরকার।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার জানান, প্রথমে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় স্থলপথে অভিযান চালানো হয়। সেখানে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র এক শীর্ষ কমান্ডার খান ফরোশ-সহ চার জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এরপর আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে টিটিপি-র ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। পাক সেনার দাবি, এই অভিযানে আরও ২৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তানের বক্তব্য, হামলায় শুধুমাত্র টিটিপি-র ঘাঁটি, অস্ত্রভাণ্ডার এবং জঙ্গিদের পরিকাঠামোকেই নিশানা করা হয়েছে। একাধিক ঘাঁটি ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নষ্ট করা হয়েছে বলেও দাবি ইসলামাবাদের। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আত্তাউল্লা তারার বলেন, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করবে না পাকিস্তান।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাকিস্তানে সেনা ও পুলিশের উপর জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। পাকিস্তানের আরও দাবি, আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়েই টিটিপি এই ধরনের হামলার পরিকল্পনা করছে। যদিও কাবুল প্রশাসন বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে ভয়াবহ জঙ্গি হামলায় চার পাক সেনার মৃত্যু হয়। সেই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই বিমান হামলা চালানোয় দুই দেশের সীমান্তে ফের উত্তেজনা তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয় : Pakistan Airstrike Afghanistan

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন