পুরোনো একটি মামলায় স্বামী গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। সেই মামলায় বুধবার দুপুর ১২টার মধ্যে শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় হাজিরা দিলেন না তিনি। স্থানীয় সূত্রের দাবি, এদিন সকালেই রিষড়ার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন অপরূপা। ঘনিষ্ঠ মহলের অনুমান, আইনি পরামর্শ নিতে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের রামনবমীর অশান্তি ঘিরে। সেই সময় রিষড়ায় গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। পরে তদন্তভার নেয় এনআইএ (NIA)। সেই মামলাতেই মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন উপপুরপ্রধান সাকির আলিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁর স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। ঘটনাস্থলে এক পুলিশকর্মীকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, "Who are you? আমার পুলিশি নিরাপত্তার প্রয়োজন নেই।" অভিযোগ, সেই সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এরপরই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় এবং বুধবার থানায় হাজিরার নোটিস পাঠানো হয়।
নতুন পরিবহণ ভাবনা, সম্মানিত পরিবহণমন্ত্রী
পুলিশ সূত্রে খবর, নির্ধারিত সময়ের আগেই শ্রীরামপুর থানায় উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। কিন্তু দুপুর ১২টা পেরিয়ে গেলেও হাজির হননি অপরূপা। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁকে রিষড়ার বাড়ি থেকে বের হতে দেখা যায়।
ঘনিষ্ঠ মহলের দাবি, আইনি পদক্ষেপের প্রস্তুতি নিতেই তিনি কলকাতায় গিয়েছেন। পরে তিনি থানায় হাজিরা দিতে পারেন বলেও জল্পনা রয়েছে। স্বামীর গ্রেপ্তার নিয়ে মঙ্গলবারই ক্ষোভ প্রকাশ করেছিলেন অপরূপা পোদ্দার। তাঁর বক্তব্য, "২০২৩ সালের মামলা। আমার স্বামীকে গ্রেপ্তার করা হলো ২০২৬ সালে। বিচারাধীন একটা মামলা। তারপর এতগুলো রামনবমী শান্তিপূর্ণভাবে হয়ে গেল। আমরা কারও কাছে মাথা নত করিনি, করবও না।"
বিষয় : TMC hooglynews RISHRAVIOLENCE APARUPAPODDAR

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন