রিষড়া: রামনবমীর অশান্তি মামলায় দীর্ঘ তিন বছর পর এক হেভিওয়েট তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে ধরা পড়েছেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি।
মঙ্গলবার দুপুরে আচমকাই কেন্দ্রীয় বাহিনীর বিশাল জওয়ান দল নিয়ে রিষড়ায় সাকিরের বাড়িতে চড়াও হন এনআইএ-র আধিকারিকরা। মুহূর্তের মধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলে জওয়ানরা। এরপর বাড়ির ভিতরে ঢুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সাকির আলিকে গ্রেপ্তার করা হয়। এই হাই-প্রোফাইল গ্রেপ্তারিকে কেন্দ্র করে গোটা হুগলি জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। সেই সময় রিষড়ায় মারাত্মক অশান্তি, বোমাবাজি এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল। তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মসূচি শেষ হওয়ার পরেই রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা, পরিস্থিতি সামাল দিতে জারি করতে হয়েছিল কারফিউ।
সেই ঘটনার তদন্তে নেমেই উসকানিমূলক মন্তব্য ও হিংসায় জড়িত থাকার অভিযোগে নাম জড়ায় সাকির আলির। তবে তৎকালীন শাসক শিবিরের প্রভাবশালী জনপ্রতিনিধি এবং সাংসদের স্বামী হওয়ায় এতদিন তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। ২০২৪ সালের লোকসভা ভোটে অপরূপা পোদ্দার টিকিট না পেলেও, সাকির নিজের ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দাপট বজায় রেখেছিলেন।
সুতিতে পুলিশের বড় সাফল্য! ৫৫৮ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পর এবং একের পর এক পুরসভা হাতছাড়া হলেও, রিষড়া পুরবোর্ডের ক্ষমতা ধরে রাখতে পেরেছিল তৃণমূল। ফলে সাকির আলির দাপট ছিল অক্ষুণ্ণ।
তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বিধানসভায় কড়া ‘গুন্ডাদমন বিল’ পাশ করিয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে রাজ্যে কোনো রকম অশান্তি বা গুন্ডামি বরদাস্ত করা হবে না। এই নতুন রাজনৈতিক আবহের মধ্যেই পুরনো মামলার ফাইল খুলে সরাসরি অ্যাকশনে নামল কেন্দ্রীয় সংস্থা। এনআইএ-র দাবি, সাকির আলিকে গ্রেপ্তারের ফলে রিষড়ার ওই হিংসার ঘটনার নেপথ্যে থাকা বাকি ষড়যন্ত্রকারীদের মুখোশও এবার দ্রুত খুলে যাবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন