বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে অশান্তির নেপথ্যে মৌলবাদী ও দেশবিরোধী শক্তির হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ভোটে পরাজিত কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে উসকানি দিয়ে এলাকায় অশান্তি ছড়িয়েছে। ইতিমধ্যেই ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং কাউকেই রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি।
এদিন বারুইপুরে এসে প্রথমে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের তিন সদস্যের সঙ্গেও কথা বলেন তিনি। একই সময়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার সাংসদ সায়নী ঘোষ এবং তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর দাবি, অশান্তির ঘটনায় রাজনৈতিকভাবে উসকানি দেওয়া হয়েছে। পুলিশের হাতে একাধিক কল রেকর্ডিং এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “যাঁরা অশান্তি করেছেন, রেললাইন উপড়েছেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না।”
গণপিটুনিতে নিহত সন্দেহভাজন যুবকের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ দাবি করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। অর্থাৎ তিনি নির্দোষ ছিলেন। তাই তাঁর মৃত্যুর ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতির জন্য রাজ্যের ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিশের কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নিরাপত্তার স্বার্থে নির্যাতিতার বাড়ির সামনে একটি পুলিশ আউটপোস্ট তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এক সপ্তাহের মধ্যেই ফের বারুইপুরে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং সরকার যে পদক্ষেপ করেছে, তার ফল সাধারণ মানুষ দেখতে পাবেন।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন