পানাজি: তৃণমূল, শিব সেনা কিংবা এনসিপির পর এবার কি তবে ভাঙনের মুখে জাতীয় কংগ্রেস? দেশে এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ ঘটে গিয়েছে। ২০২৭ সালের গোড়ার দিকে উত্তরপ্রদেশ, পঞ্জাব ও উত্তরাখণ্ডের পাশাপাশি বিধানসভা নির্বাচন হওয়ার কথা সৈকত রাজ্য গোয়াতেও। আর ঠিক তার কয়েক মাস আগেই গোয়ার বুকে ‘গোয়া কংগ্রেস পার্টি’ নামে সম্পূর্ণ নতুন এক দলের জন্ম হওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে হাত শিবির। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নাম নথিভুক্তিকরণের আবেদন জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছে এই নতুন দল।
ভোটের মুখে কংগ্রেসের নাম জড়িয়ে এই নতুন দলের আত্মপ্রকাশের নেপথ্যে হাত শিবিরের আদি ও নবীন দ্বন্দ্বকেই দায়ী করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি গোয়ায় কংগ্রেসের প্রদেশ সভাপতি হিসেবে গিরিশ চডঙ্করের নাম ঘোষণা করেছে হাইকম্যান্ড। এই গিরিশের নেতৃত্বেই ২০২২ সালে গোয়া কংগ্রেসে বড়সড় ভাঙন ধরেছিল, যার পর দলের হাল সামলেছিলেন অমিত পাটকর। কিন্তু ভোটের মুখে ফের সেই গিরিশকেই দলের মাথায় বসানোয় ক্ষোভে ফেটে পড়েন অমিত পাটকর এবং তাঁর অনুগামীরা। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন, হাইকম্যান্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং কংগ্রেসকে শিক্ষা দিতেই তলে তলে এই ‘গোয়া কংগ্রেস পার্টি’ তৈরি করেছেন ক্ষুব্ধ অমিত ও তাঁর অনুগামীরা, যা ভোটের মুখে কংগ্রেসের ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে।
কংগ্রেস নেতৃত্ব সরকারিভাবে এই নতুন দলকে গুরুত্ব দিতে না চাইলেও, এর নেপথ্যে বিজেপির ‘অপারেশন লোটাস’ এবং টাকার খেলা দেখছে তারা। গোয়া প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গিরিশ চডঙ্কর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, এই নতুন দল আসলে নামসর্বস্ব এবং এর নেপথ্যে বিজেপির ১০০ কোটি টাকার খেলা চলছে। তাঁর অভিযোগ, যখনই বিজেপি বোঝে যে মানুষ তাদের ওপর ক্ষেপে গিয়েছে, তখনই টাকার খেলা খেলে ভোট কাটার জন্য এমন ডামি দল তৈরি করায় তারা। তবে বিজেপির এই চাল গোয়ায় খাটবে না বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। এই ‘১০০ কোটির খেলা’র অভিযোগে এখন ভোটের আগেই চরম তপ্ত গোয়ার রাজনীতি।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন