ফের উদ্বেগের ছায়া টলিউডে। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। শনিবার সকালে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর দেরি না করে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এই অভিনেতা।
অভিনেতার শারীরিক অবস্থার খবর জানিয়েছেন তাঁর মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায়। তিনি জানান, মঙ্গলবার সুমন্ত মুখোপাধ্যায়ের অ্যাঞ্জিওগ্রাম করা হবে। রিপোর্ট পাওয়ার পরই চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার পদ্ধতি ঠিক করবেন। তবে আপাতত অভিনেতা সচেতন রয়েছেন এবং পরিবারের সঙ্গে কথাবার্তাও বলছেন।
দীর্ঘ অভিনয় জীবনে বাংলা সিনেমা ও ধারাবাহিকে একাধিক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়। তাঁর অভিনয় বারবার প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। ঋতুপর্ণ ঘোষের বেশ কিছু জনপ্রিয় ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অসুস্থতার আগে নতুন ছবির কাজ নিয়েও প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন গোয়েন্দা কানাইচরণ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। আগামী অগাস্ট মাস থেকে শুরু হওয়ার কথা ছিল ছবির শুটিং।
এদিকে, সাম্প্রতিক সময়ে টলিপাড়ায় একের পর এক শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে। এবার অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর সামনে আসতেই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন সহকর্মী ও ভক্তরা।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন