নয়াদিল্লি : নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জট কাটানো এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে পরিবেশপ্রেমী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের আমরণ অনশন আজ, বুধবার পা দিল ১৮ দিনে। যত সময় এগোচ্ছে, এই বিশিষ্ট সমাজকর্মীর শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ততটাই বাড়ছে। এই চরম উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন সমাজকর্মী তথা আইনজীবী রাকেশকুমার সাইনি। সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে অবিলম্বে আইনি হস্তক্ষেপের দাবি জানিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। ওই আইনজীবীর স্পষ্ট আর্জি, প্রশাসনকে নির্দেশ দিয়ে অবিলম্বে সোনম ওয়াংচুককে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হোক এবং প্রয়োজনে হাসপাতালে নিয়ে গিয়ে ‘জোর করে খাইয়ে’ তাঁর এই অনশন ভঙ্গ করানো হোক।
আদালতে দায়ের করা ওই পিটিশনে অত্যন্ত আশঙ্কাজনক তথ্য তুলে ধরে বলা হয়েছে, লাগাতার অনশনের জেরে ওয়াংচুকের স্বাস্থ্যের দ্রুত মারাত্মক অবনতি ঘটেছে। ইতিমিধ্যেই তাঁর শরীরের ওজন প্রায় সাড়ে আট কেজি কমে গিয়েছে। তিনি যেভাবে অনড় অবস্থানে অনশন চালিয়ে যাচ্ছেন, তাতে আগামী দু’দিনের মধ্যে তাঁর জীবনাবসান পর্যন্ত হতে পারে। আবেদনে আইনজীবী আরও উল্লেখ করেন, সোনম ওয়াংচুকের মতো এক জন আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বের যদি এভাবে অনশনে মৃত্যু হয়, তবে তা সমগ্র দেশ এবং বিশ্বের কাছে এক অত্যন্ত লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়াবে। তাই সরকার বা প্রশাসন হাত গুটিয়ে বসে না থেকে অবিলম্বে আইনি নির্দেশে কড়া পদক্ষেপ করুক।
উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’র পাশে দাঁড়িয়ে গত ১৮ দিন ধরে এই জীবনপণ লড়াই চালালেও সোনম ওয়াংচুকের সঙ্গে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও স্তরের যোগাযোগ করা হয়নি। এমনকি দেশের প্রধান বিরোধী দলগুলি মৌখিকভাবে পাশে থাকার বার্তা দিলেও মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধীর মতো প্রথম সারির কোনও হেভিওয়েট নেতাকে অনশন মঞ্চের ধারেকাছে দেখা যায়নি। উল্টে ককরোচ জনতা পার্টির নেতাদের কাউকেই অনশনে বসতে দেখা যায়নি, বরং তাঁদের মঞ্চে বসে আয়েশ করে খাবার খেতে দেখা গিয়েছে। এই চরম একাকীত্বের আবহে ক্ষোভ উগরে দিয়ে সোনম ওয়াংচুক জানিয়েছেন, গণতন্ত্র সহানুভূতি ও সহমর্মিতার ওপর চলে, কারও একগুঁয়েমির ওপর নয়। ফলে প্রধানমন্ত্রীর উচিত নিজের জেদ ত্যাগ করে সংবেদনশীল হওয়া। পাশাপাশি, তাঁকে কেউ যেন ‘হিরো’ প্রতিপন্ন না করেন, সেই আর্জি জানিয়ে সোনম স্পষ্ট বলেন, তিনি একজন অত্যন্ত সাধারণ মানুষ, যিনি স্রেফ নিজের নাগরিক কর্তব্যটুকু পালন করছেন। এখন হাই কোর্ট এই মামলার প্রেক্ষিতে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর দেশের মানুষের।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন